নারীদের পোশাকের কারণে ইভ টিজিং বাড়ছে। আজ শনিবার এ মন্তব্য করে ভারতের তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, ‘পোশাকের ব্যাপারে নারীদের সতর্ক হওয়া উচিত।’
ইভ টিজিংয়ের একটি মামলার ব্যাপারে খোঁজখবর নিতে আজ বারাসাত থানায় গিয়েছিলেন চিরঞ্জিত। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই বিধায়ক সাংবাদিকদের বলেন, ইভ টিজিং অনেক পুরোনো বিষয়। এটা বয়সের ওপর নির্ভর করে। ইভ টিজিং বেড়ে যাওয়ার কারণ নারীদের সংক্ষিপ্ত পোশাক ও স্কার্ট। এসব তরুণ ছেলেদের প্ররোচিত করে।
চিরঞ্জিত বলেন, ‘ইভ টিজিংয়ের ঘটনা ভালো নয়। আমরা এর নিন্দা জানাই। তবে একটা বিষয় লক্ষ করা প্রয়োজন, রাবণ ছাড়া রামায়ণ হতে পারে না।’ অভিনেতা থেকে রাজনীতিক হওয়া চিরঞ্জিত অবশ্য ঘোষণা করেন, ইভ টিজিং প্রশ্রয় দেওয়া হবে না। কেউ এটা করলে তাকে শাস্তি দেওয়া হবে।
গত শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে এক নারীকে টিজ করার অভিযোগে একজনকে আটক করা হয়। ওই নারী টিউশনি শেষে বাসায় ফেরার পথে অভিযুক্ত রমেশ দাস তাঁকে উত্ত্যক্ত করে। স্টেশনে উপস্থিত জনতা রমেশকে আটক করে পিটুনি দেয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করে। স্থানীয় আদালত রমেশকে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন।
একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় ইভ টিজিংয়ের শিকার নারীর বাবা স্টেশনে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



