একটি বড়ো সাইজের অণুগল্প....
সংসারী মানুষের রাগ অভিমানের গল্পটা এত্ত ছোট যে, বড় করে লিখতে চাইলেও লেখা যায় না!
ধরুন, আপনি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট খুলে কাউকে কল করার মতো খুঁজে না পেয়ে মোবাইলটা বন্ধ করে দিলেন!
কিছুক্ষণ পর মোবাইলে এফবি খুললেন। ..... নাহ! কিচ্ছু ভালো লাগছে না- মোবাইলটা আবার বন্ধ করে দিলেন।
আপনি ধূমপায়ী হলে খোলা রাস্তায় একা দাঁড়িয়ে হয়তো একটা দুইটা সিগারেট ফুৃঁকলেন। ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে চাইলেন সকল অবসাদ। অথবা আপনার ধুমপানে অভ্যাসই নেই। ফুটপাতের চান্দু মিয়ার টি স্টলে দাঁড়িয়ে ২/১ কাপ রঙ চা চরম বিরক্তি নিয়ে গিলে ফেললেন। আপনি নিজেকে লুকোতে চাচ্ছেন। আপনি চাননা অনেক মানুষের মনোযোগ আপনার দিকে হোক- আবারও অজানা পথই আপনার সংগী....
কোথাও যাবার যায়গা নেই! তেমন কোনো বন্ধু নেই আপনার যার কাছে গিয়ে দুদণ্ড কাটিয়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। কোথাও কেউ নেই!
কি করবেন ভেবে না পেয়ে, এরাস্তা ওরাস্তা কিছুক্ষণ এলোপাতাড়ি হেঁটে আবার একরাশ ক্লান্তি নিয়ে বাড়ির দিকেই রওনা দিলেন.....
কলিং বেলটা টেপার আগে বন্ধ দরজাটার সামনে অবসন্ন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সকল জড়তা ভেঙ্গে কলিং বেলটা টিপেই দিলেন-টুংটাং...
সহস্রতম বারের মতো আবার বুঝতে পারলেন, এই সংসার থেকে আপনার মুক্তি নেই। ঘরে ফিরে তাই বিনা বাক্য ব্যয়ে খাবারটাও খেয়েই নিলেন। না খেয়ে আর কতক্ষন! আপনার দৌড় সংসার নামক সঙ সারে....
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



