IT....
Stephen King এর গল্প অবলম্বনে হলিউড মুভি IT এর দ্বিতীয় পর্ব দেখলাম।
ভয় খুব পরিচিত শব্দ। আমার আপনার মনের ঘরেই বসত করে ভয়। কারোও বেশী কারো কম। কত রকম ভয় হয় - একা হয়ে যাওয়ার ভয়, একা থাকার ভয়, চাকরি হারাবার ভয়, বসের গালি খাওয়ার ভয়, সন্তানের খারাপ রেজাল্টের ভয়, স্বামী/ স্ত্রীর কাছে ছোট হওয়ার ভয়, অশান্তির ভয়, অসুখের ভয়, অত্যাচারী কে ভয়, খুনি/গুণ্ডা দের ভয়, অন্ধকারকে ভয়, ভূতের ভয়, সর্বোপরি মৃত্যুভয়।
সম্পূর্ণ নির্ভয় মানুষ কি হয়? সামনাসামনি দেখিনি। কিন্তু মুভিটা দেখতে দেখতে খবরের কাগজে 'লাশ' হয়ে যাওয়া কয়েকটা নাম চোখে পড়ে- বিশ্বজিৎ, নুরু,জনী, আবরার- এঁরা নিশ্চই সেই বিরল মৃত্যুভয় জয় করা মানুষ।
কিন্তু পরিস্থিতি কখনো মানুষ কে ভয় জয় করতে শেখায়। বোধয় তা অত্যন্ত ভালোবাসা থেকে আসে। ভালোবাসা যেকোনো কিছুর প্রতি- নিজের প্রতি, স্ত্রী সন্তান, মা বা কিম্বা দেশের প্রতি। তখন আপনি আমি একাকী কিম্বা জোট বেঁধে রুখে দাঁড়াই ভয়ের সামনে, চেঁচিয়ে বলি "আমি ভয় পাইনা তোমাকে, চালাও গুলি"।
'যখনই আমি, আপনি, আমরা রুখে দাঁড়াবো তখন ভয় নিজেই আমাকে-আপনাকে ভয় পেতে শুরু করবে। ভয় ভয়পায় সত্যকে, ভয় পায় সঙ্ঘবদ্ধ প্রতিবাদকে। একমাত্র উপায়- এখন মুখোমুখি যুদ্ধ, একপক্ষের হার একপক্ষের জিত। ভয় নিজেই ভয়ে দিশেহারা হয়ে একের পর ভুল করে ফেলে। তারপর নির্ভীক কে খুন করে বা তার হাতে খুন হয়ে হেরে যায়। মোদ্দা কথা ভয় কে ভয় না পেয়ে রুখে দাঁড়ালে ভয় হার মানবেই মানবে'- এগুলো আমার কথা নয়, আলোচ্য মুভির বক্তব্য।
হরর ফিল্মের মূল আকর্ষণ হলো তার ব্যাকগ্রাউন্ড স্কোর বা সাউন্ড ইফেক্ট। শুনলেই বুকের ভিতর ছমছমে ভাব, গা শিরশিরানি শুরু হয়। সাথে যদি ঝকঝকে সিনেমাটোগ্রাফি হয় তাহলে তো কথাই নেই। সিনেমাটির টেকনিকাল জিনিসপত্র নিয়ে আলোচনা করার জ্ঞান আমার নাঅ, আমার কাছে মূল আকর্ষণ গল্প ও তার ভিতরে লুকিয়ে থাকা গল্পটি। শিশুদের মন অনেক নমনীয় হয় বলেই বোধয় তারা খুব সহজে কঠিন কিছু কাজ করে ফেলতে পারে, যা এই সিনেমা দেখে নিশ্চিত হয়েছি।
একটা কথা না বললেই না, ছোট বেলায় আমি আপনি যে পরিবেশে শিক্ষা পেয়ে বড় হই তার থেকে নির্ধারিত হয় আমরা কতটা ভিতু হবো? কম বেশী না খুব বেশী? যত বেশী কণ্ঠ রোধ করা হবে ভয় তত বাড়বে, একসময় চাপ বাড়তে বাড়তে তা ফেটে যাবে। বেরিয়ে আসবে হয় আপাদমস্তক নির্ভীক এক যোদ্ধা। না হয় চাপ নিতে নিতে ন্যুব্জ হয়ে চরম ভীতু এক সরীসৃপ।
শুরু থেকে ভুতুড়ে সিনেমা মনে হলেও আসলে এ একটি ভয়কে জয় করে কিছু শপথ নেওয়ার গল্প। জানতে চাইলে অবশ্যই দেখুন - Jessica Chastain. James McAvoy. Bill Hader. Isaiah Mustafa. Jay Ryan. James Ransone. Andy Bean অভিনীত হরর-থ্রীলার মুভি IT.
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



