একজন সাধারণ মানুষের রোজনামচা....
একজন সাধারণ মানুষ ঠিক ততোটাই সাধারণ, যাকে সকাল থেকে রাত অবধি এ শহরে বুকে প্রতিদিন টিকে থাকার লড়াই করে যেতে হয়। নিজ অস্তিত্ব প্রমাণের লড়াই চালিয়ে যেতে হয় প্রতিমুহূর্তে!
একজন সাধারণ মানুষ ঠিক ততোটাই সাধারণ, যে শহরে কোনো ঝুম বৃষ্টির দিনে কোনো বাছবিচার পিছুটানহীন ভাবে কাকভেজা হয়ে ভিজতে পারে। বৃষ্টির প্রতিটা ফোঁটা নিজের শরীরে মিশিয়ে নিতে নিতে শিহরিত হয়। একটা আলাদা ভালোলাগার আবেশে সে দু'চোখ বোজে, ঐ ভেজা মাটির সোঁদা গন্ধটা তার বড্ড প্রিয়।
একজন সাধারণ মানুষ ঠিক ততোটাই সাধারণ, যার বাড়ি ফেরার অপেক্ষায় কেউ থাকে না। যার মন খারাপের সঙ্গী সে নিজেই। যার দিনশেষে "ভালো আছো?"-র খোঁজ নেওয়ার মতো কেউ নেই। যার রাগ-অভিমান বা শেষরাতের কান্নাগুলো নিঃশব্দে শোনার মতো একটা লোকও নেই। যে একাকী সময়ে নিজেই নিজেকে দু'হাতে আগলে ধরে। যে খুব সহজেই হারিয়ে যেতে পারে শহরের অজস্র মানুষ ভিড়ে।
একজন সাধারণ মানুষকে সমাজ খুব সহজে ব্যাকডেটেড আখ্যা দিয়ে দিতে পারে। অথচ কোনোদিন তারা একটু লক্ষ্য করলে দেখত, একজন সাধারণ মানুষের একটা সুন্দর মন ছিলো, আলাদা দৃষ্টিকোণ ছিলো, সমাজকে পাল্টে দেওয়ার ক্ষমতাও ছিলো হয়তো।
একজন সাধারণ মানুষের গল্পটায় সবসময় সফলতা হয়তো থাকে না, তবে বাস্তবতা থাকে। বিলাসিতায় নয়, নিজেকে খুঁজে পায় প্রতিদিনের বাস্তবতায় নিজের সাথে চলা ঠান্ডা লড়াইয়ে। দেখানোর মতো সাফল্য থাকে না বলেই হয়তো তিনি সফল মানুষ নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



