কি অতি উত্তম ভাগ্য আমার! এমন একটি দিনে মানিব্যাগ হারালাম যেদিন মানিব্যাগে ছিল ১০ পয়সার একটি মাত্র কয়েন!
শানে নুযুলঃ
রুমে ফেরার আগে মানি ব্যাগ চেক করে দেখি মাত্র দুই টাকার একটি নোট অবশিষ্ট আছে! সেটিকেও কাজে লাগালাম। একটি সেন্ট্রার ফ্রেশ চিবুতে চিবুতে রুমে চলে এলাম। তারপর... মানি ব্যাগ রিচার্জ করতে গিয়ে দেখি যে মানিব্যাগ উধাও! মাথা খারাপ হবার উপক্রম। না, এম্পটি ব্যাগটির জন্য নয়, আইডি কার্ডটির জন্য। ওটাও ঐ মানি ব্যাগেই ছিল। যাহোক, অনেক খোঁজা-খুঁজি করলাম। পেলাম না। অবশেষে রুমমেট কে নিয়ে চললাম থানার উদ্দেশ্যে! জিডি করব।
জিডি আর করা হলোনা। চুইংগাম এর দোকানে খোঁজ নিয়ে দেখি মানি ব্যাগটি ওখানেই আছে! কাঁচুমাচু করে বললাম, -“ভাই আপনার এখানে কি আমি কোন মানি ব্যাগ রেখে গেছি?”
দেখি উনি মিটিমিটি হাসছেন। (মানিহীন মানি ব্যাগের জন্য কিনা কে জানে!)
বললাম – “ইয়ে... মানে মানি ব্যাগে কিন্তু কোন টাকা ছিল না। শুধু একটি আইডি কার্ড ছিল।”
দোকানী এক গাল হেসে বললেন, - “আপনি না আসলেও আমি পাঠিয়ে দিতাম। সোহরাওয়ার্দী হলে আমার পরিচিত একজন কাজ করে। ...”
মাথা থেকে দশ টন ভরের একটা বোঝা নেমে গেল। দোকানীকে অনেক গুলো থ্যাংকস দিয়ে চলে এলাম।
মোরালঃ টাকা না থাকলে মানি ব্যাগেরও কদর নাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





