
(আগস্টের প্রথম রোববার- আন্তর্জাতিক বন্ধু দিবস।
সামু'-এর সকল বন্ধুদের প্রতি অনাবিল শুভেচ্ছা।)
============================
বন্ধুর পথে বহুদূর যেতে বন্ধু বাড়ায় হাত,
বন্ধুর বুকে অমানিশা ঝড়ে নির্ভয়ে কাটে রাত।
বন্ধু সুজন আঁধারী রাতের পথের নিশান-আলো,
হৃদয় দহনে আলোক জ্বালিয়া ঘুচায় মনের কালো।
বন্ধুর প্রেম চেতনবিদ্ধ সহজিয়া কোন গান,
বন্ধু করে যে জীবন ঘসিয়া দুঃখের অবসান।
আমার বন্ধু আমারই প্রেম চেতনবিদ্ধ রাগ,
বন্ধুর ছায়া নিয়ত বাড়ায় চিত্তের অনুরাগ।
আকাশের তারা এক সুঁতে গেঁথে বন্ধুর গলে রাখি,
বন্ধু আমার প্রেম ও মদিরা, বন্ধু আমার সাকী।
জীবনের সব দুঃখ মথিয়া যতটুকু সুধা পাই,
বন্ধুর সাথে মিলিয়া মিশিয়া সবটুকু চেখে যাই।
বন্ধুর হাতে আমার আমিকে তুলে হই নির্ভার,
বন্ধু আমার শুদ্ধ চেতন অরূপ চমৎকার!
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


