জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন হেফাজতে ইসলামের নেতারা। তবে হেফাজতের ব্যানারে নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলোর ব্যানারে। এ নিয়ে নিজেদের সক্ষমতা জানতে মাঠ পর্যায়ে জরিপ শুরু করেছেন বলে জানান হেফাজত নেতারা। অন্যদিকে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম নির্বাচনী মাঠে না থাকলেও প্রচারণার মাঠে সরব থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় হেফাজতে ইসলাম নাস্তিক ও তাদের দোসরদের নির্বাচনে বয়কট করার আবেদন জানাবে জনগণের কাছে। হেফাজতে ইসলামের নেতারা জানান, হেফাজত নেতারা ১৮ দলীয় জোটের সাথে সম্পৃক্ত হয়ে বৃহত্তর চট্টগ্রামের ৭টি আসনে নিবার্চনের প্রস্তুতি নিচ্ছেন। আর সারাদেশে তারা ৫০টি আসনে নির্বাচন করার জন্য জোটের কাছে আসন চাইবেন বলে জানা গেছে।
নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবে তারা ইতোমধ্যে চট্টগ্রামসহ সারাদেশে জরিপ শুরু করেছেন বলে জানান হেফাজতের আরেক কেন্দ্রীয় নেতা মুফতি হারুন বিন ইজাহার। এ জরিপের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, আগামী নির্বাচনে হেফাজতের ব্যানারে কেউ অংশ নেবে না। তবে হেফাজতের ইসলামের ভেতরে যেসব সংগঠন রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে তাদের প্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটা হেফাজতের ইসলামের কেন্দ্রীয় সিদ্ধান্ত বলে জানান মুফতি হারুন। নাস্তিক ও তাদের দোসরদের বিরুদ্ধে নিবার্চনে প্রচারণার কথা প্রসঙ্গে নাস্তিক ও দোসর কারা জিজ্ঞাসা করলে তিনি জানান, এরা কারা তা চট্টগ্রামের শুধু নয় পুরো দেশেরমানুষ জানেন। নাম উল্লেখ করে বলতে চাই না। তবে এ ব্যাপারে ১৮ দলীয় জোটের নেতারা এখনই কিছু বলছেন না। প্রসঙ্গত: ২০১০ সালে প্রস্তাবিত নারী নীতির বিরোধিতার মাধ্যমে অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আত্মপ্রকাশের পর হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করে তোলে। সর্বশেষ গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ইসলামের অবস্থান নিয়ে ব্যাপক হাঙ্গামা হয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে। গভীর রাতে পরিচালিত একটি অভিযানে তাদের শাপলা চত্বর থেকে বিতাড়িত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে এখনও বির্তক চলছে বিভিন্ন মহলে।
হেফাজত নেতারা জানান, হেফাজতের ১৩ দফা দাবি আদায়ের অংশ হিসেবে আমাদের নেতারা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওই ১৩ দফার মধ্যে সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন ও আল্লাহ, রাসূল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস অন্যতম।
জানা গেছে, হেফাজতে ইসলামের ভেতরে যেসব রাজনৈতিক সংগঠন রয়েছে সেগুলো হচ্ছে, নেজামে ইসলামী বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলাম ও খেলাফতে ইসলামীসহ আরও কয়েকটি সংগঠন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




