বিট্রিশবিরোধী আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক, শিক্ষক ও নারী আন্দোলনের নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সদস্য হেনা দাস ২০ জুলাই সকাল ১১-৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৩১৬ নম্বর রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। গত ১৭ জুলাই হেনা দাসকে অসুস্থাবস্থায় আইসিআরডি’তে ভর্তি করা হয়। দুদিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
কমরেড হেনা দাসের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগামী ২৩ জুলাই তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০ টায় তার মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কমিউনিস্ট পার্টির কার্যালয়ে-মুক্তি ভবন ২, কমরেড মনি সিংহ সড়ক, পুরানা পল্টনে নিয়ে আসা হবে। সকাল ১০ টা ৪৫ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষক সমিতির কার্যালয়-সেগুনবাগিচায় রাখা হবে। সকাল ১১ টায় হেনা দাসের মরদেহ বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর ১২ টায় হেনা দাসের মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হবে। সেখান থেকে তার মরদেহ নারায়নগঞ্জে নিয়ে সমাধিস্থ করা হবে।
৮৫ বছর জীবনের ৭২ বছরই হলো সংগ্রাময় জীবনের গৌরবোজ্জল ইতিহাস। কমরেড হেনা দাস ১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি সিলেট শহরের পুরান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বৃটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন। হেনা দাস শিশুশ্রেণী থেকে দশম পর্যন্ত সিলেট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৪২ সালে সিলেট মহিলা কলেজ থেকে আই.এ পরীক্ষায় ১ম বিভাগ অর্জন করেন। ১৯৪৭ সালে সিলেট মহিলা কলেজ থেকে বি.এ পাশ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। ১৯৬০ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বি.এড পাশ করেন। ১৯৬৬ সালে এম.এ পাশ করেন।
১৯৩৮ সালে প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত হন। ১৯৪৭ সালে দিল্লীতে অনুষ্ঠিত নিখিল ভারত ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হিসেবে সম্মেলনে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ছাত্র ফেডারেশন থেকে শুরু করে সুরমা উপত্যকা গার্লস স্টুডেন্ট কমিটি, সুরমা উপত্যকা মহিলা আত্মরক্ষা সমিতি, সিলেট জেলা গণনাট্য সঙ্ঘ, লেখক ও শিল্পী সংঘ, শিক্ষক সমিতি এবং মহিলা পরিষদে কাজ করেছেন তিনি। ১৯৪৮ সালে আত্নগোপন অবস্থায় কমিউনিস্ট কৃষক নেতা রোহিণী দাসের সাথে তাঁর বিবাহ হয়। ১৯৪৮-৪৯ সালে নানকার আন্দোলনে তিনি মেয়েদের সংগঠিত করেন। ১৯৫৮ সালে চার বছরের কন্যাসহ ঢাকায় আসেন এবং শিক্ষকতা শুরু করেণ। ওই বছর তিনি শিক্ষক সমিতির সাথে সম্পৃক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে উদ্বাস্তুদের সাহায্যে শিক্ষকদের সাথে রিলিফের কাজে অংশ নেন। তিনি কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। কবি সুফিয়া কামালের মৃত্যুর পর ২০০০ সালের ২২ জানুয়ারি মহিলা পরিষদের সভানেত্রী নির্বাচিত হন।
বিভিন্ন সংগঠন ও কমিউনিস্ট পার্টিতে কাজ করার জন্য তাঁকে সরকারে রক্তচক্ষুর মুখামুখি হতে হয়েছে। ১৯৭৯ সালে শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তাঁকে কারাবরণ যেতে হয়। কমিউনিস্ট পার্টি করার জন্য তাকে বার বার যেতে হয়েছে আত্মগোপনে। আত্মগোপনকালেও তিনি পার্টি গড়ে তোলার কাজ করতেন।
ভাষা আন্দোলনেও তাঁর ভূমিকা ছিলো অগ্রণী। তিনি ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী । নারী ও শিক্ষক আন্দোলনের তার ভূমিকা ছিল অনন্য। তিনি দেশের সকল মানুষের কথা ভাবতেন। লিখতেন শিক্ষা-সংস্কৃতি-রাজনীতি বিষয়ে। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কথা বলতেন।
আজীবন বিপ্লবী হেনাদি তোমাকে লাল সালাম।
কল্লোল কর্মকার
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


