
যেভাবে রেখে গিয়েছ
সেভাবেই আছি!
পৃষ্টার পর পৃষ্টা,ছড়ানো ছিটানো, আউলা বাউলা
উড়ান চন্ডী আমি,আজও সংসারী হতে পারিনি।
তুমি ছাড়া এলোমেলো আমি
সুতা কাটা ঘুড়ি হয়ে গেছি।
বহু শতাব্দী পুরনো মন্দিরের মতো
আমার পলেস্থার খসে পড়ছে
কোন পূজারী আর ফুল নিয়ে আসে না।
রতনদার সাথে সেদিনও
ষ্টেশনে দেখা হয়েছিল
তোমার কথা খুব জানতে চেয়েছিল
বলতে পারিনি "আমরা এখন সেপারেট"।
তোমার দেয়া শেষ চিঠিটা
আজও খুলে দেখিনি কি লেখা ছিল তাতে।
নির্ঘূম রাতের গল্প শোনার কেউ নেই
তাই রাত জেগে বই পড়ার অভ্যাসটা রেখে দিয়েছি।
দুটো টি-শার্ট ,একটা জিন্সে
এক মাস কেটে যায়।
মাঝে মাঝে ভূবন বাউলের আখড়ায় বেশুরে গলায়
গেয়ে উঠি...................।
তোমার কথা খুব মনে পড়লে
ছাইপাশ খেয়ে গভীর রাতে বাড়ী ফিরে
দরজা আগলে নিরবে চোখের জল ফেলি।
আমাকে নিয়ে এখন
অন্দরে মহল্লায় কানা কানি হয়
বাবার ধুসর চোখ
শ্রাবণ ধারায় সিক্ত হয়ে উঠে
তিনি মাথা হেঁট করে ফজরের নামাযে মসজিদে যান।
একটুও বদলে যাইনি আমি
সময়ের হেরফেরে শুধু সকাল আর
বিকেলেটা গুলিয়ে যায়।
ইথারে কোন শব্দ ভেসে আসে না
ডাকপিয়ন আর দরজায় কড়া নাড়ে না।
রানীশংকৈলের ডুয়েট ফটোগ্রাফ খানায়
ঝুল ময়লা জমেছে।
হঠাৎ ঘুমিয়ে পড়লে
ঘুমের মাঝে তুমি আসো
মধ্য রাতে ঘুম ভেঙ্গে বালিশ ভিজে যায় ।
চাঁদে কবে কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ
সেটা পন্জিকার পাতায় থাকে
আমার আকাশে আর কোন চাঁদ নেই।
যেভাবে রেখে গিয়েছ
সেভাবেই আছি!
পৃষ্টার পর পৃষ্টা ছড়ানো ছিটানো
কিছুটা আঁচড় কেটেছে তাতে!!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




