সবসময় না, মাঝে মাঝে তোমাকে ভাবি।
এই তো যখন দিনের শেষে সন্ধ্যা নামে,
ক্লান্ত মানুষের দলে, কাজ শেষে ঘরে ফিরি,
বাতাসে ধূলায় আর গাড়ির কালো ধোঁয়ায়,
আকাশে গোধূলীর লাল রঙ চাপা পরে থাকে
তখন, ঐ সময়, মায়াবী তোমাকে ভাবি।
কিংবা রাতে ল্যাম্প পোষ্টের আলো যখন,
পীচঢালা কালো রাস্তায়, মিছে জোছনা ছড়ায়,
টিভির একঘেয়ে বিজ্ঞাপনে যখন মন ভেজে না,
বন্ধুর মুখবই বার্তা যখন পানশে হয়ে যায়,
সীগারেটের শেষটানের সুখ, প্রাণ হারিয়ে ফেলে,
ঠিক তখন তোমাকে ভাবি, রূপালী তোমাকে।
সকালের কাঁচা রোদে, ঘুম ঘুম চোখে পেপার হাতে,
তরতাজা সব খবরের মাঝে, নির্লিপ্ত একদম তাতে,
এক অভদ্র নাগরিকের মতই, শুধু চায়ের কাপ সাথে
তোমাকে জরী, সূর্য্য সাজের তোমাকে ভাবি।
আর তারপর আবার সারাদিন, কাজের ফাকে,
পথের বাঁকে, যেটুকু সময়ই পাই তোমাকে ভাবি।
সবসময় না, একদম না,
মাঝে মাঝে তোমাকে ভাবি।
যখনই বুকটা ভরে শান্তিতে শ্বাস নেই,
তখন অক্সিজেনের মুগ্ধতায়,
আমি তোমাকে ভাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


