হ্যা মাঝে মাঝে তোমাকেই ভাবি,
যখন মনে মেঘ জমে ঝড় হয়ে যায়,
বাসা বাঁধে অচেনা অজানা সংশয়,
সেসময় মাঝে মাঝেই
তোমাকে খুজে বেড়াই ।
ধর, আজ বৃষ্টি হল,
অথবা হতে গিয়েও হল না,
বা একটু হয়েই থেমে গেলো।
আবার হবে ? হবে না?
ছাতা নেই সাথে।
ভিজে যাব?এতগুলো ফাইল হাতে?
সে অনিশ্চয়তা মাঝে তোমাকে ভাবি।
আবার যখন রাতের
শেষ সীগারেটটাও শেষ।
অথচ রাত পুরোতে
অনেকটা রাতই বাকি।
দোকানীরা জমা খরচ হিসাব শেষে,
দোকানের ঝাপি নামিয়ে ঘুম।
সারা শহরে, কোন টঙ খোলা নেই।
আর খোলা থাকলেও আমার জানা নেই।
বুকফেটে যাচ্ছে ধোঁয়ার তৃষ্ণায়।
সে দুঃসময়ে আমি তোমাকে ভাবি।
ধর আমার মন খারাপ,
খুব খারাপ, বিষন্ন একদম।
নিজেকে সহ চারপাশকে অসহ্য লাগছে,
হয়তো মনে হচ্ছে সমস্ত সৃষ্টি জগত
আমাকে উপহাস করছে।
কোলাহল মাঝে আমি একদম চুপচাপ।
সব কিছু থেকে দূরে, অনেক দূরে।
তখন তোমাকে ভাবি।
এমনও আরও হাজার কোটি
সব অসহায় সময়ে,
যখন সব আশা মিলেছে হতাশায়,
আমার বলার কিছু নেই আর তখন-
করার কিছু নেই -
আমি শুধু তোমাকে ভাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




