ইট পাথর সিমেন্টের স্তূপ জমা হচ্ছে মাঠটাতে।
সূর্য মধ্যগগনে হুঙ্কার দিচ্ছে ।
শূন্য ময়দান।
হয়ত শূন্য নয়।
ঐ তো ফুটবলটা ।
কে যেন আমার দিকে ঠেলে দিয়েছে ।
পায়ে এসে ঠেকল বলটা ।
জনতার চিৎকার শুনতে পেলাম যেন ...............
হঠাৎ চোখ দু'টো ঝাপসা হয়ে গেল ।
দিনগুলো হারিয়ে গেছে ।
কেঊ কেড়ে নিয়ে গেছে কি?
সেই রাইট উইং এর ভাইটা?
জীবনের খেলা খেলতে গিয়ে যে বাসের নিচে পিষ্ট হল?
কী বীভৎস হয়েছিল তার প্রাণহীন মাংসপিণ্ডটুকু ............
কিংবা প্রাণোচ্ছল সেই ছেলেটি? যার পায়ে এখন আর ফুটবল নাচে না ......
অদ্ভুত ।
তার পা'টাই কেড়ে নিল একটা ট্রাক ।
মাছের বাজারের লেফট ব্যাক ঐ ছেলেটা ?
অথবা সেই ইলেকট্রিশিয়ান মিডফিল্ডের ছেলেটা?
রেল স্টেশনের সেই হকার ছেলেটা ?
যাকে ফাঁকি দিয়ে গোলপোস্ট দিয়ে একটা মাছি ঢুকতে পারত না?
কিংবা সবাইকে বোকা বানিয়ে গোল দেওয়া সেই রিকশাচালক ছেলেটা?
জীবনের মাঠে খেলতে গিয়ে কেউ লালকার্ড পেয়ে হারিয়ে গেছে ,
কেউবা ভয়ংকর ফাউলের শিকার হয়ে মুমূর্ষু ।
খেলতে খেলতে কখন যে কে মাঠের বাইরে চলে গেল বুঝে উঠার আগেই নিজেকে আবিষ্কার করলাম একা।
মাঠটা পড়ে আছে।
কেউ নেই ।
মাঝখানে আমি ।
মাঠটাও আর থাকছে না।
নতুন একটা টিনের ঘর তৈরি হয়েছে এক কোণে ।
মজুরদের থাকার জন্য ।
সামনের ছুটিতে হয়ত এসে দেখব আকাশ চিরে উকি দিয়েছে কোন এক বহুতল বিপণি বিতান ।
সন্ধ্যা হচ্ছে ।
দূর থেকে ভেসে আসছে আযানের ধ্বনি ।
সময় গড়াচ্ছে । । ...........................................................................
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


