
আমি তোমাকে আর একটিবারও ফিরতে বলবো না নীরু
বলবো না খোঁপায় চন্দ্রমল্লিকা গুঁজে দিলে তোমাকে আশ্চর্য সুন্দর লাগে
সঠিক স্থানে হৃদয়ের মতো কপালের টিপ সরে গেলে আমি দুঃখ পাই
মাথার কসম, বলবো না।
মানুষের আদিতম ভাষায় তোমাকে নিয়ে ক'টা পান্ডুলিপি অগ্রন্থিত--
ক'টা মানুষের ব্যাক্তিগত বিষাদের মতো স্থান পেলো হৃদয়ঘরে--
মনে নেই।
মনে নেই পৃথিবী প্রাচীন একটিও মিথ
যদিও আমাদের প্রেম ছিল তারও দশলক্ষ বছর পূর্বে।
জোনাকির পেছনে ছুটে একদিন চিনে নিয়েছি অন্ধকার
শরীরের জ্যামিতিক গঠন দেখে জানি তোমার বিছানায় গ্রীষ্ম চিরকাল
কেবল মানুষের ইশকুলে গেলেই মনে পড়ে
'ভালোবাসা'র মতো অত্যাবশ্যকীয় বিষয় এখনও অপঠিত!
নীরু, যদি ভালোবাসা না পাই
অযত্নে পড়ে থাকা পথফুলের কে করবে নামকরণ?
যদি মানুষেরা এভাবে সংখ্যালঘু হতে থাকে
যদি মিছিলে কবিতা নিষিদ্ধ হয়
যদি মানুষের ভেতরে বাড়ে মুখোশ মানুষের
তবে চলুন কমরেড, আমরা ঘোষণা করি পৃথিবীর অপ্রয়োজনীয়তা।
চলে যাবার আগমুহুর্তে পাশ ফিরে তাকালে আমি নিশ্চিন্ত হই
বিশ্বাসের ন্যাপথলিনে তীব্র গন্ধের এ বৈধতা আমি কি করে দেই?
মানুষেরে ভালোবেসে এ শহরে থেকে গেলাম কি ভালোবাসাহীন
সে কেবল কবিতা জানুক!
তুমি বরং অভিশম্পাত করো--
জেনে যাই মানুষ প্রতারক নয়
দুঃখের নিশ্চয়তা নিয়ে ভোক্তা অভিযোগের সুযোগ পায়নি কোনোদিন!
তুমি বরং জড়িয়ে ধরো আমায়
যেন শেষ ট্রেন চলে গেলে এই বিচ্ছেদের নাম হবে 'মৃত্যু'।
অথচ ভালোবাসা সহজ ছিল বেদনার অধিক
আবৃত্তিযোগ্য ছিল মানুষের গান।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




