আমার পিসি ব্যবহার শুরু ক্লাস নাইন থেকে। অনেক উৎসাহের সাথে কম্পিউটার সংক্রান্ত পত্রপত্রিকাগুলো গলাধকরণ করতাম। হঠাৎ হঠাৎ চোখে পড়ত লিনাক্স সম্পর্কে কোন কোন লেখা। অনেকেই বলত লিনাক্স ব্যবহার খুব কঠিন,গেমস খেলা যায় না.....অমুক তমুক হেন তেন
এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরদিন বন্ধুদের সাথে আইডিবি গেলাম। কি জানি কি মনে করে কিনে ফেললাম রেডহ্যাট লিনাক্স নাইন সংস্করণ। তখন বাজারে রেডহ্যাটই প্রচলিত ছিলো(২০০৪)। বাসায় গিয়ে আর তর সইল না, ইনস্টল দিয়েই ফেললাম। আমি খুব অল্প কিছু ভাগ্যবানের একজন যার প্রথমবার লিনাক্স ইনস্টল দিতে কোন সমস্যা হয়নি। সম্ভবত পার্টিশনের উপর ধারণা স্বচ্ছ থাকার কারণেই হয়তো সেই যাত্রায় বেঁচে গেছি। শুরু হল লিনাক্সের পথে যাত্রা। মজার ব্যাপার হল, যাত্রার শুরুতেই হোঁচট, ফ্যাট ৩২ ড্রাইভ অ্যাকসেস করতে পারি না,গান শুনতে পারি না, কোনো অ্যাপ্লিকেশন চালাতে পারি না....আমার তবুও লিনাক্স চালাতে হবে। নীলক্ষেত থেকে কিনে রেডহ্যাট বাইবেল কিনে আনলাম।
কম্পিউটার টুমরোর পুরনো সংখ্যা থেকে কিছু টিপস পেলাম। এখনো মনে আছে প্রথম ভিডিও ফাইল চালানোর জন্য তিন মাস অপেক্ষা করতে হয়েছিল। ওয়েব থেকে জাইন প্লেয়ারের সোর্সকোড নামিয়ে তা কম্পাইল করে ইনস্টল করলাম। পেন ড্রাইভ ডিটেক্ট করার জন্য কমান্ড লাইন ছাড়া কোন গতি ছিলো না। এখনকার লিনাক্সগুলোর মত ফ্রেন্ডলি ছিলোনা মোটেই, কিন্তু লিনাক্স ছেড়ে দেবার কথা মনে আসেনি কখনোই।
নিজে ইনস্টল করেই ক্ষান্ত দিলাম না, বন্ধুদেরকেও লিনাক্স খাওয়াতে শুরু করলাম। লিনাক্স ব্যবহারের প্রায় পাঁচ বছেরেরও বেশি হয়ে গেল। এখন উইন্ডোজে যাইনা বললেই চলে। রেডহ্যাট থেকে ঘুরে ঘুরে সুসি,ম্যানড্রেক,মেপিস.....বর্তমানে উবুন্টুতে।
২০০৬ সালে এইচএসসি'র পর যোগ দিলাম বিডিওএসএনে। সেই থেকে আছি বাংলাদেশে লিনাক্স আন্দোলনের পথিকৃত এই সংগঠনটির সাথে। উবুন্টুর প্রথম বাংলা ম্যানুয়ালটি লিখলাম দুই বন্ধু মিলে। মনে আছে, ম্যানুয়ালটি প্রকাশিত হবার পর দুটি কপি কিনে একটি আম্মুর জন্য রাখলাম, আরেকটি দিলাম শ্রদ্ধেয় জাফর স্যরকে।
ওপেন সোর্স থেকে আমি জীবনে পেয়েছি অনেক। অনেক আনন্দদায়ক অভিজ্ঞতা, অনেক মানুষের ভালোবাসা, অনেক বড় বড় মানুষকে কাছ থেকে দেখা, সাপোর্ট সেন্টারে বিচিত্র ধরণের সমস্যার মুখোমুখি হওয়া,
ওয়ার্কশপে মানুষের কৌতুহলী চোখের সামনে দাঁড়ানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওপেনসোর্স সেচ্ছাসেবক হয়ে যাওয়া ..............
ওপেনসোর্স আন্দোলনে জড়িত সবার জন্য ভালোবাসা.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

