কাল ছিলো রোদেলা আকাশ, আজ আবার ঘন মেঘে ঢাকা।
দেখতে না দেখতেই শুরু হলো অঘোর বরিষন।শান্ত দৌড়ে গ্রন্থাগারে ঢুকে। সৈকত, বাঁধন, তুলি, সোহান সবাই তুমুল আড্ডায় মেতে আছে।
শান্ত একটা চেয়ার টেনে ওদের পাশে চুপচাপ বসে।
সৈকত বলে, কীরে, তুই কি টিউশনি শেষে ফিরলি ,নাকি আরেকটায় যাবি।
না, এখন না। তোদের সাথে একটু গল্প করে নিই।
তুলি বলে, শান্ত ,তোমার মনে আছে?
এবার কিন্ত ঠিকই আমরা তোমাদের বাড়ী যাচ্ছি। আহ! কী অনাবিল গ্রামের সবুজ শ্যামলিমা। মনকে কেমন পাগল করে তোলে।
গ্রীষ্মের ছুটি হয়ে গেছে। ক্যাম্পাস ফাঁকা। শান্তও গ্রামে ফিরে।রাতের বেলা মায়ের পাশে এসে বসে।বৃদ্ধা মায়ের চুলে আস্তে আস্তে বিনুনী কাটে।তারপর ,হালকা আকাশী,সাদা পাড়ের শাড়িটি মাকে দেয়। মা ,সজল নয়নে খোকার মাথায় হাত রাখে।
ছোট বোন টুনি অনেক আগেই ঘুমিয়ে গেছে।
শান্ত বলে, মা। ঘরদোর একটু পরিষ্কার করতে হবে।ভালো কিছু রান্না করা দরকার।তোমাকে আমার বন্ধুদের কথা বলেছিলাম না। ঐযে,তুলি,সৈকত,বাঁধন,সোহান।
ওরা সবাই আসছে মা, আগামী বিষুদবার।
পরদিন ভোরথেকে শুরু হয় গোছগাছের পালা।মা বলে, শান্ত রে কাদা মাটির ওঠোনে সরু রাস্তা বরাবর কয়েকটি ইট দে।ওদের যেন হাটতে কষ্ট না হয়। টুনি মা আমার, মাছা থেকে লাউটা পেড়ে আন।আর তোর জমিলা খালারে খবর দে, ও ভালো আঁখের পুলি বানাতে পারে।মোরগের খোয়াড়ের দিকে একটু খেয়াল রাখিস।লাল মোরগাটা যেন আবার বের হয়ে না যায়। জয়নাল কে বলিস , কয়েকটা ডাব পেড়ে দিতে,।
বাছারা এতো দূর থেকে অনেক তৃষ্না নিয়ে আসবে।
বিষুদবার,আকাশে জ্বলজ্বলে রোদ। শান্ত সোলেমান চাচার ভ্যান নিয়ে বসে থাকে মুরাদপুরের গন্জে।শহর থেকে বাস আসে, থামে। মানুষের হাকডাক চলে। বাস আবার আপন গন্তব্যে চলে যায়।বেলা দ্বিপ্রহর হয়, সূর্য্য মাথার ওপর আসে, অস্তগামী হয়। নানা রং বেরংগের মানুষ আসে। শুধু নেই তুলি,সৈকত,বাঁধন আর সোহান।
শান্ত , চাচাকে বলে, চাচাজি , ওদের কোনো বিপদ হয়নিতো।কোনো দূর্ঘটনা।আজকেই ওদের আসার কথা।বেলা শেষে দিনের শেষ বাসটি ও আসে, আবার চলেও যায়। কিন্তু নেই ,ওরা কোথাও নেই। শান্ত সবার মোবাইলে ফোন করে। কোনো সাড়া নেই। এভাবে সারপ্রাইজ দেয়ার কোন দরকার আছে,ফোন বন্ধ রেখে।
বৃদ্ধা মা , খাবার সাজিয়ে বসে থাকেন। টুনি কয়েকগোছা ফুল এনে রেখেছে পড়ার টেবিলে। ভাইজানের বন্ধুরা আসবে ।পিদিম ঝকঝকে ঘষে নতুন করা হয়েছে , কেমন মায়াভরা আলো দিয়ে যাচ্ছে চারপাশে।ঠিক যেন শান্ত ভাইয়ের মতো,সবাইকে অকৃত্রিম মায়া দিয়ে গেলো নিঃস্বার্থভাবে। রাত বাড়তেই থাকে।মায়ের উতকন্ঠা ও বাড়ে।একসময় ,মা জায়নামাজে বসেন। এশার নামাজ শেষে মোনাজাত করেন- হে আল্লাহ খোকাকে , খোকার বন্ধুদের বিপদ থেকে ফানা দিও।
শান্ত আফজান স্যারের দোকানে গিয়ে বসে। চিন্তা করে বাড়ি ফিরে যাবে না আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। পথে কোনো দূর্ঘটনা হলো না তো। এসব ভাবতে ভাবতে শান্ত হঠাৎ করে খেয়াল করে-আরে তুলিদের বাসার ফোনেই তো ফোন করা যায়। নিজের বোকামিতে নিজেই লজ্জা পায়।
তুলির বাসায় রিং বাজতেই থাকে, একবার, দুবার, তিনবার। পুরো পৃথিবী কী নিথর হয়ে গেলো। একসময় তুলির মা ফোন ধরেন। শান্ত ,অস্থির চিত্তে বলে, খালামনি, তুলিরা কই। তুলি, সৈকত,বাঁধন,সোহান ওরা সব।
তুলির মা বলেন-কেন কী হয়েছে। ওরাতো ভালোভাবেই আজ বিকালে শিলিগুড়ি পৌছেছে। এক সপ্তাহ ছুটি কাটিয়ে তারপর ফিরবে।ও তোমাকে বুঝি কিছুই বলেনি।
শান্ত , বাইরে রাস্তায় আসে। অন্ধকারে কিছুই দেখা যায়না। অন্ধকারকে শান্ত সব সময় ভয় পেতো। এই অন্ধকারকেই আজ তার বড় আপন মনে হলো। অন্ধকার কি পরম মমতায় লুকিয়ে রেখেছে শান্তর অশ্রুকণা। সোলেমান চাচা বুঝতেই পারেনি। না হলে দারুন লজ্জায় পড়তে হতো।
আজ সকালে কেমন উজ্জ্বল রোদে ভরা আকাশ ছিলো। এই আকাশে কখনো আলো আবার কখনো মেঘ।আলো আধাঁরের এ কেমন তরো খেলা।প্রকৃতিও খেলে মানুষের সাথে, আবার মানুষ ও খেলে মানুষের সাথে ।সোলেমান চাচা বলেন, ঝড় আসতে পারে ,চল শান্ত, তাড়াতাড়ি ঘরে ফিরি। শান্ত বলে ,জ্বি চাচাজি, ঝড় একটু আগেই কোথাও শুরু হয়ে গেছে।চারদিকে দেখছোনা, কেমন যেন দমকা বাতাস বইছে।
শান্ত আর সুলেমান চাচা দ্রুত বাড়ীর দিকে পা বাড়ায়। বৃদ্ধা মা আর টুনি যে না খেয়ে এতো রাত ওদের প্রতীক্ষায় বসে আছেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ ভোর ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


