পাশাপাশি বেশ কয়েকটি দোকানের মাঝে রহিম মিয়ার দোকানটি বেশ জমজমাট। উনি সুলভে মাল বিক্রি করেন। ক্রেতাকে ঠকান না। ব্যবহার খুবই ভালো।
রহিম মিয়ার ব্যবসার এরকম উন্নতি দেখে পাশেই আরেকজন দোকান খুলে বসলেন। উদ্দ্যেশ্য রহিম মিয়াকে ল্যাং মেরে দেয়া।
ঈর্ষাকাতর বাঙালীর এটাইতো মোক্ষম তাবিজ।
রহিম মিয়ার কাজের ছেলেটির মন এতে বেজায় খারাপ। বলে-ওস্তাদ- হম্মন্দির পুত আফলাতুন দিলোতো আমগো ব্যবসা লাঠে তুইলা।
রহিম মিয়া বলেন-রিজিকের মালিক রাজ্জাক। যার যার রিজিক তার তার।
কয়েক সপ্তাহ পরের ঘটনা। একজন ক্রেতা রহিম মিয়ার দোকানে এসে একটা জিনিস আছে কিনা জিগ্গাসা করলেন। রহিম বলেন-আছে। ক্রেতা দাম জিগ্গাসা করলেন। রহিম মিয়া দাম বললেন- সব কিছু ঠিকঠাক।
কিন্তু, রহিম মিয়া ক্রেতাকে বললেন, একটু কষ্ট করে পাশের আফলাতুনের দোকান থেকে জিনিসটা কিনতে ।
ক্রেতা বললেন, ঐ দোকানে কি দাম কম কিনা?
রহিম বললেন, জ্বিনা দাম সমানই।
তবে কি জিনিসটির কোয়ালিটি ভালো?
রহিম মিয়া বললেন, জ্বিনা। কোয়ালিটিও সমান। একই পাইকাড়ি দোকান থেকে কিনা।
ক্রেতা আর কথা বাড়ালো না। আফলাতুনের দোকানে চলে গেলো।
রহিম মিয়ার কাজের ছেলে বললো- ওস্তাদ এই নিয়ে আপনি বেশ কয়েকজন কাস্টমারকে আফলাতুনের দোকানে পাঠালেন ।ঘটনা কি?
রহিম মিয়া বলেন- আল্লাহর কি রহমত জানিনা। আফলাতুন পাশের দোকান খোলার পর থেকেই আমার ব্যবসা আরো বেড়েছে। আর আজকে ওর দোকানের সামনে দিয়ে আসার সময় শুনলাম- ও কাজের ছেলেকে বলছে- লাভ করা তো দূরের কথা। পুন্জিও মনে হয় ঠিকমতো ওঠাবার পারুম না। কথাটা আমার দিলে লাগলো রে। বেচারা নতুন দোকান খুলেছে। অনেকেই হয়তো জানেনা। তাই নিজের তাগিদেই ওর দোকানে কিছু কাস্টমর দিতাছি। এটাই ঘটনা, আর কিছু না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


