
দস্যুর মুল্লুকে দাড়িয়ে,
আজ আমি বঞ্চিতের গীত শুনাতে এসেছি।
স্বদেশের অংশিদারিত্ব থেকে ছিটকে পড়া
ছিন্নমূল স্বজনের সীমাহীন বেদনার কথা বলতে এসেছি।
স্বপ্নের আঁতুড় ঘরে আঁটকে পড়া এক আকাশ ইচ্ছের-
আ-সমুদ্র দীর্ঘশ্বাসের কথা বলতে এসেছি।
আজ এইখানে দাড়িয়ে সমবেত স্বদেশকে শুনাতে চাই-
বিপন্ন মানবতার সকরুণ বিলাপের কথা,
ক্ষুধিত আত্মার অবিরাম অভিশাপে-
ক্ষয়ে যাওয়া সমতার-পুনরুজ্জীবিত উপেক্ষার কথা,
ঝলমলে আলোয় উদ্ভাসিত অট্টালিকার পাদদেশে,
মাথানিচু করে গড়ে উঠা ঘুটঘুটে আঁধারে-মিলিয়ে যাওয়া,
অজস্র বস্তিবাসীর অনির্দিষ্ট স্বপ্নের-নিখোঁজের কথা, ।
সংক্রামক ফুসফুস নির্গত দূষিত ভবিষ্যতের কথা,
কন্যাদায়গ্রস্ত পিতার-চিন্তার কপালের খাঁ-খাঁ প্রান্তরে
বিস্তীর্ণ এঁকে যাওয়া-নিরুপায় আর্তনাদের কথা।
আমাকে বলতে দাও-
সেই সব হেরে যাওয়া সকালের কথা-
সকরুণ কান্নার-নিঃশব্দ চিৎকারে ফুঁড়িয়ে যাওয়া সাধ্যের কথা ;
অগুন্তি অভুক্ত রাত্রির পেটে জন্ম নেয়া-বিষাক্ত হতাশায়-
অগণন অবহেলায় পঁঢে- মরা জীবনের কথা।
আমাকে বলতে দাও-
সেই সব ফুঁড়িয়ে যাওয়া সকালের কথা।
অনাহারের অনল, দাউ দাউ জ্বলে উঠা দুঃস্বপ্নের কথা।
তার উত্তাপ- পুড়ে যাওয়া আগামীর কথা।
আমাকে বলতেই হবে,
ঘৃণার মতো অস্পৃশ্য-অভিশাপের মতো নিষ্ঠুর,
দুঃসহ সময়ে ঝলসে যাওয়া ঘরহীন নিরন্ন মানুষের-
নিষ্ঠুর বাস্তবতা্য সকরুণ টিকে থাকার কথা।
অনিশ্চিত কালো ধুঁয়ায় ধুসর,অগুন্তি দুঃস্বপ্নের
অবিরাম গন্তব্যহীন-নির্মম বেঁচে থাকার কথা।
আত্মার উনুনে মনন ঢেলে আমার কলম
অভুক্ত দুপুরের কথা- কাঁকডাকা ভোরের কথা
ঠাঁই হীন মানুষের বিনিদ্র জেগে থাকা-সেইসব রাত্রির কথা-বলবেই !
আমার চৈতন্যের তৃষ্ণার্ত অতলে- বঞ্চিত স্বদেশের মুখ, ঠাঁই হীন মানুষের গান,
চিৎকার ঢেউ- তুলবেই...!!!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




