
স্বেচ্ছামৃত্যুর মিছিলে শামিল হতে চাই
স্বাভাবিক মৃত্যুর এই নিদারুন আকালে
গাড়িতে-বাড়িতে কিবা লম্বা শাড়িতে
অনাহুত মৃত্যুর হানা মেনে নিতে পারছিনা বলে।
পলায়নপর পিতার কোলে ঘুমন্ত শিশু
হাসিমুখে জেগে ওঠার আগেই
আর না হাসার ছাড়পত্র পেয়ে যায় এখানে।
জীবন যাতাকলে পিষ্ট মানুষগুলো
তুমুল ভীড় বাসে দুচোখে সামান্য সাধ
বাড়ী ফিরে বিছানায় গা এলিয়ে দিয়ে
চোখ বুজে আগামীর ছক বোনার
মানুষ নয় কিছু আমানুষের রোষের আগুনে
জীবন্ত দগ্ধ দুচোখ এমনভাবে পুড়েছে
বোঝার সাধ্য নেই ওখানে কোন স্বপ্ন সুপ্ত ছিল।
নিজ গৃহে ঘুমন্ত মানুষগুলো
প্রবল শীতে অবাঞ্চিত উত্তাপে
চোখ মেলে দেখে পুরো ঘর জ্বলছে রোষের আগুনে
পাশের ঘরে ঘুমিয়ে ছিল আদরের ধন
ওদিকে মাংশ পোড়া গন্ধ পাওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

