ইন্ডিয়ান এ্যাম্বাসীর সামনে থেকেই ভাইরাসটা বহন করে নিয়ে এসেছি নিশ্চিত। নইলে আসার পর থেকে কেনো জ্বর জ্বর লাগবে! তবে সোয়াইন ফ্লুর যা সিমটম সেগুলো কিছুই নেই। কেবল গা গরম। কাশি নেই, সর্দি নেই। মাথা বা শরীর ব্যাথাও করছে না। নরমাল জ্বর, তারপরেও বাসায় ফিরে একদম বিচ্ছিন্ন হয়ে একটা লম্বা ঘুম দিলাম।
বরাবর যা হয় জ্বর হলে আহার ও নিদ্রা দুটোই আমার বেড়ে যায়। কেবল বিরানী, পোলাও, রোস্ট, গরুর গোশত খেতে ইচ্ছে করে। খেলামও তাই। সকালে ঘুম থেকে উঠে দেখি তখনও জ্বর আছে। অফিসে গেলাম। ঘোরের মত লাগলো। বিখ্যাত জ্বর বিজ্ঞানী মিঃ অমুক বললো এই সময়ে মৌসুমী যে জ্বরটা হয় সেটা এবার সোয়াইনের ভাইরাস দিয়ে রিপ্লেস হয়েছে। রেফারেন্স হিসাবে প্রথম আলোর প্রথম পাতা দেখালো। এতো আতংকিত হবার কিছু নাই - কাজেই হলাম না।
বাসায় ফিরে আবার ঘুম দিলাম। সকালে সোয়াইন ফ্লুর ঔষধ নিয়ে আমার বোন হাজির। সে জানালো যে ওসেল্টামিভির ক্যাপসুলের কথা বলছে সরকার তা আরো তিন বছর আগে থেকে বাজারজাত করে আসছে এসকেফ। বার্ড ফ্লুর সময় এর উৎপাদন শুরু হয়। যে সমস্ত দেশে তখন বার্ড ফ্লুর পরিমাণ বেশী ছিল সেসব দেশে কেউ যেতে চাইলে তাদের এই ঔষধ নাকি খেয়ে যেতে হতো। কিছুটা ভ্যকসিনেশনের মতও কাজ করে। নাম এসকে-ফ্লু, দশটা ক্যাপসুলের একটা কোর্সের দাম ১৮০০ টাকা। লাজ ফার্মায় পাওয়া যাচ্ছে। আমাকে ডেইলী দুইটা খেতে বললো বারো ঘন্টা অন্তর। কিন্তু ঔষধের দাম শুনে আমার আর খেতে ইচ্ছে করলো না। গায়ে জ্বরও নাই। এই যদি হয় সোয়াইন ফ্লুর অবস্থা - তবে কেন অযথা আঠারোশ টাকা খেয়ে ফেলবো?
এদিকে টিভিতে শুনলাম বাজারে সোয়াইন ফ্লুর যে ঔষধ আগে থেকে পাওয়া যাচ্ছে তা নাকি এই ভাইরাসের জন্য কার্যকরী হবে না। তারমানে এসকে-ফ্লুও কাজ করবে না। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওদিকে সরকার যে ঔষধ পাঠিয়েছে বিভিন্ন জায়গায় তার সবই নাকি ব্লাক মার্কেটে চলে গেছে। সরকারী ডাক্তাররা বলছে ফার্মেসী থেকে কিনে নিতে। এই দেশে এমনই হওয়ার কথা। ঔষধ নিয়ে ব্যবসা করার এই সুযোগ কে ছাড়তে চাইবে? লক্ষ লক্ষ মানুষ আতংকে থাকলে ব্যবসটাও জমবে।
কিন্তু প্রশ্ন একটাই - এমন জরুরী ঔষধের দাম কেনো এত হবে? মানুষের মধ্যে প্যানিক তৈরী করার জন্য ঔষধের সহজলভ্যতার অভাব ও অধিক মূল্যই তো সবচেয়ে বেশী অবদান রাখছে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




