ঈদের সময় বাস ট্রেনের টিকিট কাটার জন্য মানুষের যে পরিমাণ ভূগতে হয় তা অবর্ণনীয়। কমলাপুর, গাবতলীতে অগ্রীম টিকিট কাটার জন্য মানুষের লম্বা লাইন, একদিন আগে থেকে প্লাটফর্মে শুয়ে থাকার চিত্র এখন প্রতিদিনই পত্রিকা ও টিভি খবরে সয়লাব হয়ে থাকছে। মানুষের এই নিদারুণ কষ্টের সাথে পরিহাস করে ড্রিংকস কোম্পানী মোজো শুরু করেছে প্রকাশ্য জোচ্চরী। প্রতিদিনের বিজ্ঞাপনে এখন সহাস্যে ঘোষণা করছে মোজো লিখে যে যতবেশী এসএমএস করবে সেই পেয়ে যাবে বাড়ী ফেরার ট্রেন বা বাসের টিকিট!
কিভাবে মোজো এই টিকিট সংগ্রহ করছে? যেখানে দীর্ঘ লাইন, অসহনীয় কষ্ট ভোগ করে ঘন্টার পর ঘন্টা ঠায় দাড়িয়ে থেকে মানুষজন বাস বা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছে না - সেখানে মোজো কোম্পানী আগেভাগেই সব টিকিট হাতিয়ে নিয়েছে। বেসরকারী বাস মালিক কোম্পানীকে তো গিলেছে - এখন গিলে খেয়েছে সরকারী ট্রেনের টিকিটও।
ঈদের মওসুমে একটা নিদৃষ্ট দিনক্ষণে বাস বা ট্রেনের টিকিট ছাড়া হয়। আগে আসলে আগে টিকিট কিনতে পারবে - এমন সুবিধাই দিয়ে এসেছে এতকাল এই সমস্ত সার্ভিস প্রোভাইডাররা। কিন্তু এবার ঈদে বাড়ী ফেরত মানুষের টিকিট সংগ্রহের গলদঘর্ম প্রয়াসকে পায়ে দলিয়ে দেয়া হয়েছে।
কিভাবে এতবড় জঘন্য একটা জোচ্চুরী প্রকাশ্যে টিভি বিজ্ঞাপনের মাধ্যমে দিনের পর দিন পৃষ্ঠপোষকতা করছে সরকার? কিভাবে একটা কোম্পানী সাধারণ একজন মানুষের শ্রমসিক্ত টিকিট সংগ্রহকে বাধাগ্রস্থ করতে পারে প্রকাশ্য দিবালোকে?
কোথায় এই দেশের সরকার? মোজো ব্রান্ডটাকে বাতিল সহ সংশ্লিষ্ট কোম্পানীকে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া এখন সময়ের দাবী।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



