গ্রীষ্ম তুমি উঠোনে আমার, কাচের সূর্যমুখী হয়ো না
তন্দ্রাপুষ্পের গহনে ঘুম দাও
না না, ভালোবাসা নয়; আদর নয়
মৃত্তিকার বুকে শীতলপাটি বাতাস মানবী হয়ে রও
সমতল সারসেরা হৃদয়ের জলবায়ু পরিবর্তন করে দিলে
দূরবর্তী ব্যালকনিতে দাঁড়ানো মেয়েটির ঘুঙুর হবো
‘আবেদ’ তোমার হয়তো মনে নেই—
নূপুরও এক সময় শ্লোগান দিতো ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’
ফুটপাথে পালিশে পালিশ করা একদলা থুতুও ছিলো
ভণ্ডামির চূড়ান্ত ছিলো ক্যামেরার ফ্রেমে কাঁচুলির আকার
হবে নাইবা কেনো?
হুকুম ছিলো বা আছে, স্বামী চাইলেই ভেট হতে হবে!
কি অদ্ভুত শ্লোকের জলসা।
জনান্তিকে পূরবীর প্রেমচূর্ণগুলো সাধুর বেতে চটাং হয় না
তাই হয়তো মিতকথনের দীক্ষা নেয়া হবে না
লাল হওয়া মাঠের কিনারায় পুড়ে যাক মরিচের ঝাল
অরণ্যপটে থাকুক বসন্তের হার্দ্য সম্মোহন
সময় এখন চুম্বনের গন্ধে উত্তেজিত যুবকগুলোর যুদ্ধে যাবার
বর্ণের উল্লাস, আমায় একটা শ্লোগান দাও কিংবা ঘুম
গল্পের মুখরা হুমড়ি খেয়ে বেহালায় সুর তুলেছে মল্লার রাগ
এখানে নীতিহীন মানুষের স্যুপ পাওয়া যায়!
১৪.০৫.২০১৩। ০২.৪২। ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




