এইখানে একটা গঙ্গাফড়িং ছিলো জারুলের বনে
দেখেছেন?
কেউ তার খুব কাছে গেলে পাতার আড়াল নিতো
উড়ালেই চলে যেতো দূরের তারায় তারায়
যেখানে ইতিহাসের পাতায় লেখা হতো ধর্মবকের প্রণয়
কিংবা ঘুমিয়ে যেতো জিসাসের আত্মায়!
এই যে লজ্জাবতী শুনছো?
আমাদের রক্তের প্রভু নগ্নদেহে উলঙ্গ ও উন্মাদ
কতটা বিশ্বাস করো?
এখানে পাপ নেই, নেই পূণ্য
পাপীর পরাণ ফাটিয়ে দিতে পারে ইস্রাফিলের বাঁশি
কিংবা পূণ্যের প্রভু আমাদের গোধূলি মেদুর রূপকথা!
এ্যাই লজ্জাবতী শুনছিস?
ঊর্মীলা পাহাড়ের চূড়া থেকে একটা প্রজাপতি ধরেছি
শ্রাবণরাতের রিমঝিম বৃষ্টি-নদীর খাচায় বন্দী করেছি
সে এক আঁকাবাঁকা খরস্রোতা নদী, খুব সহজেই সবুজ বনের
আলপথ ধরে আকাশের নীলে মিলিয়ে যেতে চায়
প্রজাপতি, তোর প্রেমিক তুলসী তলার ভগবান
কিংবা নৈরাত্মমণির ভেটে তোর দেবতা সংহতি নেই!
আমার ঈশ্বর মানুষের মাঝে বেঁচে থাকা মানুষ
ধীরে বেড়ে ওঠা শয়তানের বিপরীতে ত্রিশূল
না না, তাই বলে বাবাকে নয়
বাবার যে একটি উজ্জ্বল রঙমহল আছে! সেথায়
নিঃসন্তান মা আমার, সপাং চাবুকে নেচে ওঠা বাইজী!
অনাদি রাতের ঘরে বন্দী আমি—
চাঁদের দৃষ্টিতে সীমানা মেপে চলা ট্যাবু
দিন আমার সূর্যের থালাতে জীবনের মিতালি
দর্পণ বিচূর্ণ করা ম্যামথের হোম, গভীর চুমু!
২০.০৯.২০১৩। ১৩.০৪। ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




