ব্লগে ধর্মতত্ব ইদানিং বেশ প্রাধান্য পাচ্ছে দেখতে পাচ্ছি। এ সুযোগে অনেকে ইসলাম এবং কোরআন-হাদিসের প্রতি মনের সুখে বিষোদ্গার করে যাচ্ছে। আমি নিজে অবশ্য এ ধারাটাকে খারাপ মনে করছি না। মুক্ত মনে যে যার মতামত জানিয়ে যাবে- অন্যের মন্তব্যগুলো শুনবে। এই যে চিন্তা-ভাবনার বিনিময় হচ্ছে এখান থেকে আমরা যদি ধর্ম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জন করতে পারি, সেটা তো বেশ ভাল ব্যাপার।
ধর্ম নিয়ে যে কোন আঘাতের ধকল ইসলাম যতটা বইছে- অন্য কোন ধর্ম ততটা নয়। ইসলামপন্থি হিসাবে ব্যাপারটা কিন্তু আমি খুব একটা নেগেটিভভাবে নিচ্ছি না। অন্তত ইসলামের প্রভাব যে অন্যান্য ধর্ম থেকে বেশী সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এই সুযোগে। তবে আমি জানি আমার শেষ বাক্যটাকে অনেকে হাসির একটা উত্স হিসেবে দেখতে পারেন- দেখতে পারেন কি দেখবেন। সেখানে তারা যে মন্তব্যই করুন না কেন, তার সারমর্ম হবে- বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদের যতটা দাপট, অন্য কোন ধর্মে তেমন নয়। আসলেই তাই কি? সেটা নিয়েই পরের প্যারায় যাচ্ছি।
ধরুন খৃষ্ট ধর্ম- বলা যেতে পারে এই মুহূর্তে বিশ্ব জোড়া জ্ঞান-গরীমা, অর্থনৈতিক অগ্রগতি সব দিক থেকে তারাই এগিয়ে। কি করছে তারা? আমি বলব সন্ত্রাসকে তারা একটা রাষ্ট্রীয় কাঠামো দিয়েছে। দ্বিমত থাকলে জানান তার উত্তরটাও দিয়ে দেব। আপাতত এটুকুই বলি লাদেনের জ্বেহাদের হুমকিতে বুশ ক্রুসেড শব্দটা উচ্চারণ করেছিলেন। পরে যত সভ্যতার মুখোশেই তার ব্যাখ্যা দিন না কেন, তিনি যতদিন ছিলেন তার ক্রুসেড বাস্তবায়ন করে গেছেন- আর এখন বাস্তবায়িত করছে তাদের উত্তরসূরীরা। ইহুদি? বলা নিষ্প্রয়োজন তবু বলছি সংখ্যায় সিমিত হয়েও জিওনিষ্ট কমিউনিটি সারা বিশ্বের অর্থনৈতিক সাম্রাজ্য দখল করে আছে। আমেরিকাকে পিছন থেকে তারাই যে চালায় তার বহু প্রমাণ রয়ে গেছে। বুশের শাসনকালীন সময়ে কন্ডোলিসা রাইস তো পুরো ওপেন হয়ে গিয়েছিলেন। আর ইজরাইলের কার্যকলাপ(?)- থাকনা। হিন্দুরা সংখ্যায় সিমিত, কিন্তু ভারত জুড়ে তাদের জংগী গোষ্ঠী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেসব কার্যক্রম চালিয়েছে তা মনে করিয়ে দেবার প্রয়োজন থাকলে বলেন। একমাত্র বৌদ্ধদের দুর্ণাম এক্ষত্রে নাই। কিন্তু চীনে আপনি যে কোন বিরুদ্ধমতকে কিভাবে পায়ে দলিয়ে যাওয়া হয় তার একটা প্রকাশ্য প্রমাণ ছিল তিয়েন-আনমেন চত্তর, অপ্রকাশ্যগুলো থাক। একমাত্র ইসলামী জংগী গোষ্ঠীগুলোই কোন প্রকাশ্য রাষ্ট্রীয় সমর্থন পায় না বলেই তারা সন্ত্রাসী বলে চিহ্নিত।
তো যাই হোক সমস্ত মুক্তচিন্তাধারী মানুষদের টার্গেট তবুও ইসলাম। ব্যক্তিগতভাবে আমি মনে করি সেজন্য ইসলাম ধর্মাবলম্বীরাই সাংঘাতিকভাবে দায়ী। ইসলাম নামধারী যে ধর্মটি তারা পালন করছে সেটা প্রকৃতই ইসলাম কিনা- প্রকৃত ইসলামটি আসলে কি সে ব্যাপারে ভাবনার সময় এখন হয়েছে বলেই মনে করি। আমাদের দেশের ইসলাম চর্চার কথা যদি বলেন তো সেটার সূচনা হয় শৈশবে সেপারা থেকে কোরআন পাঠ- নামাজ রোজা পালন, মসজিদে যাতায়াত ইত্যাদি থেকে। হুজুর নামধারী ইসলামী পুরোহিতরা বলতে গেলে এর পুরোটাই নিয়ন্ত্রণ করেন। যে কটি ইসলামী রাজনৈতিক দল এদেশে আছে তার সবাই-ই বিতর্কিত। জামায়াতে ইসলাম তাদের অতীত কার্যকলাপ থেকেই এখনো দায়মুক্ত হতে পারেন নি- গোদের উপর বিষফোড়া তাদের সন্ত্রাসী বাহিনী। আর আমাদের দেশের পীরেরা বেশীরভাগই ফু-ফা এর ব্যবসাদার। তাদের রাজনীতিতে আসাটাও কোন কোন রাজনৈতিক দলের তাদের ইসলামী প্রভাবটুকু কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার টেকনিকের অংশ। তারা যে ইসলামের রূপরেখা আমাদের হাতে তুলে দিয়েছেন এবং দিচ্ছেন- সেটা ভাবা সত্যিকার অর্থেই অতীব জরুরী হয়ে উঠেছে।
আমি ইসলামী চিন্তাবিদ নই, সাধারণ একজন মুসলিম এবং তাও জন্মসূত্রে। প্রচলিত ইসলামের উপর পূর্ণ আস্থা আনতে পারছিনা বলে সত্যিকার অর্থেই দুঃখিত। প্রচলিত ইসলামের যে কটি মূল দিক তা হল নামাজ, রোজা, যাকাত, হজ্জ্ব। নামাজের প্রয়োজনীয়তা আমি মানি- কারণ বিশ্বজুড়ে মেডিটেশন এখন ছড়িয়ে পড়ছে। প্রাত্যহিক কাজের বাইরে এই আলাদা সময়টুকু যদি কেউ সত্যিকার অর্থে পালন করে তবে তার মানসিক স্বাস্থ্য যে ভাল থাকবে- তাতে কোন সন্দেহ নেই। জামায়াতে নামাজ সামাজিকভাবে মানুষকে গ্রন্থিত করে। রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণের পথে নিয়ে যায়- সেটাও অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে করি। যাকাত অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে ভাল ভূমিকা রাখতে পারে বলে মনে করি। হজ্জ্ব বিশ্ব মানবতার এক হওয়ার ক্ষেত্রভূমি, তবে অবশ্যই সেক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতা একটা অতি প্রয়োজনীয় বিষয়। আমাদের দেশের খুব কম মানুষের পক্ষেই এই ক্ষেত্রে নিজ খরচে (এবং হালাল উপার্জনের অর্থে) হজ্জ্ব করা কঠিন। অবশ্য জাকাতের ক্ষেত্রেও এটা কম-বেশী প্রযোজ্য। সে যাই হোক এইসব মৌলিক বিষয়গুলোর উপর আমার দ্বিমত নেই। কারণ সামর্থ (সব ধরনের) বিবেচনায় এর সব কটাতেই শিথিলযোগ্য অপশন আছে।
যেখানে আপত্তি সে জায়গাটা ব্যাখ্যা করা প্রয়োজন। একটু খেয়াল করলে দেখবেন- ধর্মীয় জায়গায় যারা সবচেয়ে প্রভাবশালী সেই মুন্সি-মাওলানারা ইসলামের কোন জায়গাগুলোর উপর বেশী আলো ফেলেন। সবচেয়ে বেশী হয় দান-খয়রাত নিয়ে (তবে সেটা মসজিদ মাদ্রাসার ব্যাপারে)। কারণও আছে, এসব মুন্সি মাওলানারা বেশীরভাগই দরিদ্র- মসজিদ মাদ্রাসায় দানই এদের আয়ের একটা বড় উত্স, সুতরাং খুব মাহাত্ম সহকারে তার বর্ণনা প্রয়োজন। আর একটা দিক হল মেয়েদের বিষয়ে। তাদেরকে বিশাল পর্দায় আবদ্ধ করে রাখা না গেলে পুরুষরা বড় সন্দেহে থাকেন। বিশেষত হুজুরদের টেনশন এ বিষয়ে একটু বেশী। তাই উহাদেরকে যাবতীয় কার্যক্রমের বাইরে রাখতে হবে।
তবে যদি আপনি কোন তাবলিগারের বক্তব্য মন দিয়ে শোনেন- সেটা সচরাচর এভাবে শুরু হয়, "ভাইসব একফোটা নাপাক জল দিয়া আল্লাহপাক আমাদের সৃষ্টি করছেন।" কিংবা ধরেন মাহফিল বা ওয়াজের ময়দানে গিয়া হুজুরদের নারী বিষয়ক এবং অশ্লীল অনেক বক্তব্য আমি শুনেছি। যদি কারো সম অভিজ্ঞতা থাকে আওয়াজ দেবেন। ওয়াজের কথাই যদি তুললেন তবে বলি, কেউ কি ওয়াজের টাকা তুলতে দেখেছেন? এ ব্যাপারে তো একটা রেটিং সিস্টেমই আছে। অমুক হুজুরের ওয়াজের রেট বেশী কারণ তিনি বেশী টাকা তুলে দিতে পারেন। এমন এক হাই প্রোফাইল হুজুরের ওয়াজে দেখলাম- জনৈক পৌর চেয়ারম্যান পাবলিকের কাছ থেকে ১০/- টাকা করে তোলার সময় ২০০/- টাকা দেয়ায় হুজুর মাইন্ড করে বললেন, যে যার মাপমত দেন ভাই। আপনে পৌরসভার চেয়ারম্যান আপনে ১০/- টাকা দিলে চলবে কেন? চেয়ারম্যান সাহেব তাত্ক্ষণাত ৫০০০/- টাকা ঘোষণা করলেন। (হুজুরকে খুব প্রশ্ন করতে ইচ্ছে হয়েছিল- আচ্ছা হুজুর ওনার টাকাডা হালাল রোজগারের তো?) তো যাই হোক এই হচ্ছে আমাদের ইসলাম এবং ইসলামী শিক্ষার অবস্থা।
এটা নিয়ে পরবর্তী পোষ্টে আরো বিস্তারিত বলা যাবে। আপাততঃ কয়েকটা হাদিস উল্লেখ করি।
"যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তার ধর্ম নেই"
"সত্ স্বভাব এবং সুন্দর আচরণই পূণ্য"
"বিদ্যা অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও"
"আত্মজয়ের চেষ্টাই হল সবচেয়ে বড় জ্বেহাদ"
"বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র"
"তোমরা সর্ববিষয়ে মধ্যপন্থা অবলম্বন কর"
এবং দু'টো কোরআনের আয়াত-
"ধর্মে কোন জবরদস্তি নাই"
"তোমরা বলনা- এটা হালাল, ওটা হারাম"
....................................................................................
(আজকের পোষ্ট এখানেই শেষ করলাম। এই পোষ্ট দিয়ে হয়ত দক্ষিণপন্থি এবং বামপন্থি দুই দলকেই খেপিয়ে দিলাম। দেখা যাক। তবে একটা বিষয় নিশ্চিত করে বলে দিচ্ছি, ব্যক্তিবিশেষ বা কোন নির্দিষ্ট সমপ্রদায়কে আঘাত করার বিন্দুমাত্র বাসনা আমার নেই। পরবর্তী পোষ্টে একই বিষয় নিয়ে আসছি।)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


