হা পিত্যেস- দুঃখী জলের স্রোত
কুয়োতলায় পাতার ফাঁকে ঝিলমিলানো রোদ
বটির নিচে আস্ত বোয়াল পুরলো মাথা যেই
দৃশ্যটুকু দেখতে গিয়ে কোথায় আমি- নেই
এটা কেমন দরজা তোমার- এটা কেমন সুখ
হুড়মুড়িয়ে ঢুকল ঘরে কোমল আগন্তুক
বাগান জুড়ে করমচা বন, বাগান জোড়া নদী
ফিরতে গেলে যদি-
জ্যোৎস্না গলে ঘরের মাচান, মনের চাতাল পোড়ে
পা দেবনা- উড়ব না কি ঝড়ে?
দুঃখবিলাস দুঃখবিলাস- দুঃখী চোখের ভ্রু
রঙতুলিতে ভিজিয়ে নিয়ে শুরু
জলরঙে সব রঙ হারিয়ে শেষে
যেতেই হবে সাদা-কালো মেঘের মত ভেসে?
জ্যোৎস্না মেখে জল পোড়ানো চোখে
তাকিয়ে থাকি স্বপ্ন- অপলকে
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



