মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ালেন বাংলাদেশের আরেক নারী ওয়াসফিয়া নাজরীন।
শনিবার সকাল পৌনে সাতটায় হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। এভারেস্ট জয়ের পরপরই তিনি তার ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির মুখপাত্র করবী রাখসান্দকে স্যাটেলাইট ফোনে এ খবর দেন।
ওয়াসফিয়ার এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপিডিশন হিমালয়া ডটকমও বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়াসফিয়া নাজরীন এবং তার সহযোগী তিনজন শেরপা এভারেস্ট চূড়ায় আরোহণ করেছেন বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠানটি। তারা এখন সাউথ পোলের দিকে নেমে আসছেন। শনিবার রাতে তারা সাউথ পোলে অবস্থান করবেন। সোমবার তারা বেস ক্যাম্পে ফিরে আসবেন বলে জানা গেছে।
ওয়াসফিয়া নাজরীন গত বছর পৃথিবীর সাত মহাদেশের সাতটি চূড়া আরোহণের ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচির ঘোষণা দেন। এভারেস্ট জয়ের মধ্য দিয়ে সাতটি পর্বত শৃঙ্গের মধ্যে তিনটি জয় করলেন ওয়াসফিয়া। এর আগে গত বছরের ২ অক্টোবর তিনি দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ একঙ্কাগুয়া জয় করেন।
গত ১৯ মে বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেন।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


