স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অন্তবর্তী সরকার নিয়ে বিরোধী দলের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নয়, অন্তবর্তী সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে সেটা দিন। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
আজ রোববার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, আলোচনার পথ খোলা। গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনা হতেই হবে। তবে সেই আলোচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা নিয়ে নয়, হতে হবে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ১৪ দলের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলের আন্দোলন ঐক্যবদ্ধভাবে কীভাবে মোকাবিলা করা যায়, সেটা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার তাগাদা দেওয়া হয়। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্তবর্তী সরকার ব্যবস্থায় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, তাকে স্বাগত জানানো হয়। তবে ধান ও পাটের দাম কম হওয়ায় বৈঠকে ১৪ দলীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। পোশাক শিল্পে একটি মহল উসকানি দিচ্ছে দাবি করে এ ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ আসে ১৪ দলের বৈঠক থেকে।
সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সরকার মহাজোট সরকার। আগামীতেও মহাজোটের দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে।
সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


