‘একজন-দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দেশের ১৬ কোটি মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাঁরা তো এখন আর মন্ত্রণালয়ে নেই। আপনারা তদন্ত করে দেখুন। দেশের মানুষ তো কোনো দোষ করেনি।’
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাংকের উদ্দেশে এসব কথা বলেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে আজ বৃহস্পতিবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ‘ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ অবকাঠামো এবং দক্ষ ট্রাফিক ব্যবস্থা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, আমরা পদ্মা সেতুর কাজ শেষ করতে পারব না, শুরু করতে পারব। আগামী নয় মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। অর্থায়ন একভাবে না হলে আরেকভাবে হবে।’ এ সময় এ দেশে জাইকার প্রধান প্রতিনিধির উদ্দেশে তিনি বলেন, ‘আমার জাইকা বন্ধু একটু সদয় হলেই সবকিছু হয়। অবশ্য তারা বিশ্বব্যাংকের সহযোগী (কনসোর্টিয়াম)। সে জন্য চাইলেই তারা বেরোতে পারবে না।’
ওবায়দুল কাদের বলেন, দেশে যতটা বক্তৃতা-ভাষণ দেওয়া হয়, ততটা বাস্তবায়িত হয় না। বাস্তবায়নের হার খুবই কম।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে কাজের ধীরগতি সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ‘চার লেন প্রকল্পে গত বছর বরাদ্দের বাইরেও অতিরিক্ত টাকা রাখা হয়েছিল। কিন্তু আমি সেই টাকা হাতে পাইনি। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই।’ তিনি বলেন, আগামী বাজেটে চার লেন প্রকল্পের জন্য ভালো বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত প্রকল্পের কাজ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রস্তাবিত উড়াল সড়কের পথে ১৮টি মসজিদ-মাদ্রাসা রয়েছে। প্রকল্প বাস্তবায়ন করতে হলে এগুলো ভাঙতে হবে। সে কারণে দেরি হয়েছে। বিড়ম্বনা এড়াতে প্রধানমন্ত্রী চার কিলোমিটার বাদ দিয়েই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, ‘সরকারকে প্রথম রাতেই বিড়াল মারতে হয়। কিছু সিদ্ধান্ত শুরুতেই নিতে হয়। সাড়ে তিন বছর পর আপনি মসজিদ, মাদ্রাসা ভেঙে কি ভোট নষ্ট করবেন?’
যোগাযোগমন্ত্রী বলেন, মিরপুর-বনানী ফ্লাইওভারের কাজ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। মার্চে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার কাজও ফেব্রুয়ারি-মার্চে শেষ হয়ে যেতে পারে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রামের মতো পথে এখনো এক লাইনে ট্রেন চলে। এই পথে নতুন আরও একটি লাইন করা হচ্ছে। ট্রেনের সময়ানুবর্তিতা ৮০ থেকে ৮৫ শতাংশ করা এখন মন্ত্রণালয়ের লক্ষ্য। রেলওয়ের পাঁচ হাজার একরের মতো জমি বেদখলে রয়েছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


