জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। দাফনের আগে পর্যন্ত বরেণ্য এ লেখকের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। নন্দিত এ লেখককে আগামীকাল দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারের সদস্যরা। তবে দাফনের স্থান নিয়ে আজ সন্ধ্যায় তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
দেশে আনার পর হুমায়ূন আহমেদের মরদেহ প্রথমে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের করা অস্থায়ী মঞ্চে দুপুর ২টা পর্যন্ত মরদেহ রাখা হয়।
প্রথমেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পক্ষে তার সামরিক সচিব ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার দুই কর্মকর্তা হুমায়ূন আহমেদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জনপ্রিয় এ চলচ্চিত্র নির্মাতাকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। পরে একে একে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরা। এছাড়া ছেলেকে শেষবারের মতো দেখতে শহীদ মিনারে যান হুমায়ূন আহমেদের রত্নগর্ভা জননী আয়েশা ফয়েজ।
প্রিয় লেখককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সকাল থেকেই শহীদ মিনার এলাকা জনস্রোতে রূপ নেয়। এ সময় হুমায়ূন আহমেদের সহকর্মী, শুভানুধ্যায়ী এবং গুণমুগ্ধরাসহ হাজার হাজার জনতা ভিড় করেন স্মৃতির মিনারে।
উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোট ভাই মুহাম্মদ জাফর ইকবাল এবং বন্ধু মাজহারুল ইসলামসহ আরো স্বজনরা। মৃত্যুকালে এ নাট্যনির্মাতার বয়স হয়েছিল ৬৪ বছর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


