যতদূর চোখ যায় অনন্তবাউল যেন প্রণতি জানায়
কী যেন নীলাভ আভা প্রতীক্ষার আগুনে রাঙায়
যে মায়া যে বোধি বক্ষোলীন দৃষ্টির প্রদীপে
উদ্ভাসিত হয়।সুন্দরের সৌর্য নামে সেই অন্তরীপে।
অবোধ্য উল্লাস সম বিস্মৃতির আহত আঙ্গুলে
কে দেয় দর্শন এই নিরুদ্ধ দুয়ার খুলে-খুলে
চারদিকে তমিস্র সময়-গভীর জলের শিল্প বয়
আনন্দ প্রবাহে।কী যেন চিহ্ণিত হয় কী যেন বিমূর্ত হয়-
প্রার্থনার বৃত্ত টেনে যায়।অপার্থিব বিষন্ন নিরালা
নীরবে উত্তীর্ণ করে আমাদের বোধের জানালা।
বৃষ্টি ও হাওয়ার উদাসীন রহস্যের পাশে
জীবনের ছবি-দূরতর অভিন্ন উল্লাসে।
জল,হাওয়া ও মাটির ঘ্রাণে আমার হৃদয় এক নদী
ধর্ম,বর্ণ,রূপহীন মানবতা প্রার্থনার মতো নিরবধি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


