আ-সন্ধ্যা সকাল পাখি ওড়ে,আহত ডানার পাখি উড়ে যায়।
স্মৃতি ঘিরে,পুনর্বার মিলনের রুদ্ধশ্বাস আয়োজনে
উনুনে আগুন জ্বালা যুবতী মায়ের রক্তাক্ত গায়ে শিশির বিন্দুর মতো
অশ্রুভেদ করে লকলকে আগুনের শিখা জ্বলে ওঠে;
ভ্রূকুটির উপাত্তে যারা জড় হয়েছিল
টুপটাপ খসে গেছে ওরা উন্মাদ ঢেউয়ের খরস্রোতে।
ওরা আসে স্নান শেষে অন্য কোনো নামে
কার্পাস তুলোর মতো বিশ্বাসের আঁশে আঁশে
ভরে ওঠে শূন্য চারিধার,বিস্রস্ত বাগান।
নিস্তব্ধতা ভাঙ্গা সেই অস্পৃশ্য কাকেরা ডানা ঝাপটে ঝাপটে যায়,
ভস্মস্তূপে,শ্মশানে,সুনসান গোরস্থানে
ছাইয়ের ভেতর থেকে অকস্মাৎ জ্বলে ওঠে নিখাদ অঙ্গার।
সমস্ত ইচ্ছের জোরে ফরসেপস্ তীক্ষ্ণ হয়ে ওঠো
প্রজন্মের সাহসী বালক তুলে নেবে আবার তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

