মেলভিন মরডেক উইল্ক আইওয়া কলেজের শিক্ষক।আপাদমস্তক কবি মেলভিন নিউইয়র্ক পোয়েট্রিতে বিশেষ স্থান দখল করে আছেন।তার কবিতায় মিলেমিশে আছে মেদুর বিষন্নতা ও স্বতঃস্ফূর্ততার মেলবন্ধন।শহর,শহুরে জীবনের সীমাবদ্ধতা,মানব জীবনের নানা খুঁটিনাটি তার কবিতার উপজীব্য।তার কবিতার সারল্য এবং এক ধরণের পরিচ্ছন্নতা তাকে আলাদা করেছে।এই কবির একটি কবিতার অনুবাদ নিম্নে উপস্থাপন করা হলো-
বস্তুতান্ত্রিক অবলোকন
১.
রাতভর গ্রীষ্মের হাওয়া বয়ে যাচ্ছে একটানা
জীবন এখন উপভোগ্য,ইতোমধ্যে পুষিয়ে উঠেছি আমার সমূহ ক্ষতি।
উপভোগ করছি হতাশার আকর্ষণ,যদিও মৃত্যু দাঁড়িয়ে আছে দোরগোড়ায়।
প্রয়োজনের কোনো বাৎসল্য নেই,মাতৃত্ব পিতৃত্ব নেই
যদিও কোনো কোনো বস্তু-মৃত্যু অবিকল
তথাপি সূর্য অস্ত যায়,তাপমাত্রা নিম্নগামী হয়,বৃক্ষপত্র ঝরে।
২.
সারিবদ্ধ মুখগুলো আমার মুখোমুখি,আমি শংকিত ও উদ্বিগ্ন
'এমন কেউ কি আছ যে আমাদের জন্য আমাদের সাহিত্যের
সংজ্ঞা দিতে পারো?'
আমার পুনরুচ্চারিত প্রশ্নে
দুঃস্বপ্নতাড়িত আমার ছাত্ররা স্বভাবতঃই নির্বাক,স্থির ও বিষন্ন।
আমার ঘুমন্ত স্ত্রীকে ভীত ও সচকিত করে মাঝে মাঝে
আমি চিৎকার করে জেগে উঠি;
যখন সময়ই ভীতির,তখন কোথায় তুমি নিজেকে রক্ষা করবে?
এবং যখন তুমি ঘুমন্ত তখন কে বলবে কোনটি সঠিক?
'শিক্ষকটি আমাদের ধ্বংস করছে,সে কি তেমন পাঠক?বইতে নিমগ্ন!'
এরকম বিস্ময় আর জিজ্ঞাসাই ধ্বনিত হয় চারপাশে।
অথচ আমি এখন ঘোড়ার মতো উৎসুক এবং প্রত্যেকটি
শব্দই যেন আনকোরা।
আমার ছাত্ররা প্রত্যেকেই দৃঢ় ও বাস্তববোধসম্পন্ন
একেকজন খদ্দের ;
আমি ভাবছি বইটি খুলবো,কিন্তু এটি একটি দরজা এবং
এখানে সত্য বৃষ্টির মতো প্রবাহিত।
আমি নিন্দিত হই বছরব্যাপী,কেউ কেউ ঘৃণা করার জন্যও
প্ররোচিত করে
আর আমি প্রকৃতই পরিচিত হই আমার প্রকৃত আমির সাথে।
৩.
আমি পোশাকাবৃত হই।সেইসব পোশাকে যা আমি কিনেছিলাম
এবং এতোদিন পড়েছিল দেরাজের নিভৃত কোণে।
আমি কিনেছিলাম সেইসব সুন্দর যা এতোদিন বাহুল্য বলে এড়িয়ে গেছি।
চাইনিজ সিল্ক, ঈজিপ্সিয়ান কটন,আইরিশ লিলেন
একজন সম্রাটের মতো পরিপূর্ণ আমার দেরাজে।
বয়ঃকণিষ্ঠদের সাথে এখন নিঃসংকোচে হাঁটতে বেরোই
ফুটপাত,পয়ঃপ্রণালী,পার্ক কোথায় নয়
স্প্রীংয়ের মতো টানটান আঁটো সময় আর উজ্জ্বল প্রাণবন্ত মৌসুমে
দীর্ঘ পদক্ষেপে হেঁটে যাই,মন উৎফুল্ল,শরীর চনমনে।
আমি বৃক্ষপত্রের দিকে লাফ দিই,রাস্তায় লাথি মারি
প্রয়োজন অপরিবর্তিত থাকা সত্বেও আমি ঘর সাজাই
এবং সর্বশেষ সুখ খুঁজি বন্ধনহীনতায়।
৪.
আহা! তকতকে আবহাওয়ায় রাজপথের চমৎকারিত্ব!
প্রত্যেক কোণে কোণে কী বিশাল কেনাকাটা,হাইতির ফেরিওয়ালা-
স্বর্ণ-চোবানো বিস্ময়!
উজ্জ্বল রমণীরা অপরূপ উৎসব সাজে সেজেছে
লাফিয়ে-ওঠা চুলের বালকেরা ঘুরছে তাদের দ্বিচক্রযানে
একজন নর্তকী তার নিতম্ব ঝাঁকিয়ে বিশ্ব জয় করে নিচ্ছে।
একটি মার্সিডিজ বেঞ্জ ছুটে যাচ্ছে হর্ণ বাজিয়ে,যেনবা একঝাঁক টিয়ে
উড়ে যাচ্ছে শিস দিয়ে।
রাজকীয় চাঁদোয়ার নিচে বিরতির অবকাশে একজন রমণী
শুয়ে আছে তার পঞ্চম সাথীর সাথে।
তারপর রাজপথ যেখানে বিকৃত কোলাহল বহমান আপন নিয়মে
পথিকেরা কোলাহলময়,ঝলমলে,প্রায় নগ্ন নির্দয়,আস্থাশীল ও ধূর্ত।
কেউ কেউ প্রবঞ্চক,কামুক,স্বার্থান্ধ আর মদ্যপ
তবু অনুমিত হয় কীভাবে বিচিত্র জীবন প্রবাহিত হয়
প্রত্যেকেই শেষতক জীবিত থাকতে চায়,এ গ্রহের পরিসরে
হুটহাট দৌড়তে চায়।
হারমান তুবে
হারমান তুবে,বর্তমান সময়ে আমেরিকার একজন উল্লেখ যোগ্য কবি।তিনি বহু গ্রন্ত্রের জনক।ল্যান্ড অব ব্লু স্কাউটস,বিটুইন দ্য সেডো,নিউ এন্ড সিলেক্টেড ওয়ার্কস তাকে আলোচিত করেছে।পোয়েট্রি,নিউইয়র্কার সহ নামি দামি সকল জার্ণালেই তিনি নিয়মিত লিখছেন-
সমান্তরাল
ফুলেরা নারীর মতো
সুন্দর জটিল আর
বিপজ্জনক।
তাদের অদ্ভুত মিল
পাখি,বাদুড়,মৌমাছি,মথ
আর প্রজাপতির সাথে।
তাদের নিয়ত যোগাযোগ
হেয়ারড্রেসার,মনস্তাত্ত্বিক
এবং অন্যন্য সব অদ্ভুত সৃষ্টির সাথে।
ফুলেরা রং বদলায়
যে ভাবে নারীরা বদলায়
নেলপালিশ,লিপস্টিক
কেশবিন্যাস আর মেজাজ।
ফুলেরা মধুর
যেভাবে অমৃত
পতঙ্গেরা পান করে
তাদের শরীর থেকে
অবিকল নারীরা।
তাদের সৌরভ মনোরম
যদিও তাদের অনাকাঙ্ক্ষিত অশ্রু
কন্ঠকে রোধ করে এবং
বিশ্রামকে বিঘ্নিত করে
তথাপি ভালোবাসি ফুলকে
ভালোবাসি নারীকে।
প্যাট্রিসিয়া হিল
প্যাট্রিসিয়া হিল প্রকৃতি ঘনিষ্ট কবি।তার কবিতায় ঘুরে ফিরে আসে প্রকৃতি ও নিসর্গ।স্বভাবে রোমান্টিক এই কবি তারুণ্যের স্বতস্ফুর্ততায় মূর্ত।ব্যক্তিগত জীবনে একটি বিজ্ঞাপনী প্রিন্ট প্রডাকশন প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।একটি প্রকাশনী সংস্থার কর্ণধারও তিনি।নিউইয়র্ক জার্ণাল সহ বিভিন্ন সাময়ীকিতে লিখে থাকেন।
জ্যোতির্বলয়
রাত্রিতে হাঁটলে
তুমি চাঁদকে অনুভব করবে
তোমার মুখের উপর ঢেলে দেবে জ্যোৎস্না।
তুমি দেখবে তা পরিকীর্ণ হচ্ছে
বরফের উপর।
সারা পৃথিবী ব্যেপে এক অনন্ত সম্ভাষণ
আর তুমি এরই ভেতর।
যদি এই আলো কথা বলে
তবে তা একটি দীর্ঘ কান্নার
ইতিহাস ওস্পৃহাকে ধারণ করবে।
ঘাসের মতো বরফের নিচে
গুনগুন করবে।তুমি তা শুনবেনা।
তুমি তা জানবেও না।
তুমি নামতে থাকো নামতেই থাকো
যেভাবে চাঁদ অবরোহণ করে
তুমি দেখবে গাছগুলো পেছনে
এবং পেছনে অবিকল।
হেডলাইটগুলো দুলছে
দূরে পাহাড়ের চূড়োয়।
জোনাকীরা...
নক্ষত্রের মতো উৎক্ষিপ্ত এবং
একটি কালো কাঁটাতার চিকচিক করছে
রাস্তা এবং মাঠের মধ্যভাগে।
তুমি এর ভেতর ঝাঁপ দিতে যেওনা
তুমি তা অতিক্রম করতে চেয়োনা।
লিনডা বামবার
সমাজ সচেতন কবি লিনডা বামবার টাফস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।বিভিন্ন জার্ণালে নি্য়মিত লিখে থাকেন।শেক্সপিয়র বিষয়ে গবেষণা করছেন।কবিতা ছাড়াও ছোটগল্প লিখে থাকেন।
আগমন
সন্ত্রাস ও অবলুপ্তি।এই ভাবনা চলমান
জঞ্জালের মতো,ভয়ংকর অবগতির মতো;
দানবীয় সংঘাত,অত্যুগ্র সংঘাতের মতো।
কে আমি এবং কেন আমি এই বিষয়ক
আরো সংবাদ অনুদ্ঘাটিত।আমার সহোদরা বলে
সে আমার ভালোমন্দের,দেখভালের
দায়িত্ব নিয়েছে।আমি তাকে বলি-
পথভ্রষ্ট ভাবুকেরা নির্বোধ ভেড়ার মতো।
সন্ত্রাস অবারিত হলে
দমকল বাহিণীও তা রুখতে পারেনা।
পঞ্চাশের গিন্সবার্গীয় প্রবল উন্মাদনা ও সৃষ্টির প্রাচুর্য থেকে অনেকটা সরে এলেও এইসব কবিরা এখনো তাদের সুনির্দিষ্ট কিংবা একক পরিস্থিতি সনাক্ত করতে সক্ষম হননি।তবে সম্মিলিতভাবে কবিতা আবার যেন গৃহবাসী,স্থিত ও অন্তর্মুখী হয়েছে বলে মনে হয়।প্রবল জোয়ার ও নদীবাহিত স্রোতের পর অনেকটা সমাহিত সমুদ্রের মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

