হরিণ হরিণ খেলে
উচ্ছ্রিত ঝর্ণায় রাখে মুখ।কখনো চুমুর স্বেদ ঢালে।
হরিণীরা বড় বেশী আদরপ্রবণ।বড় বেশী স্নিগ্ধ স্নিগ্ধ হয়।
খুব আহ্লাদে নক্ষত্রের নিচে জ্যোৎস্না-দুধ চাটে
হরিণীরা ব্যাকুল নিরীহ
আদরের মানে-টানে জানে।
খুব সন্তর্পণে পা ফেলে তারা, ঝরা পাতা তবু ওড়ে
চৈত্রে ও বসন্তে নাজুক রিরংসার স্বেদ ঝরে যায়
কী এক সিম্ফনি তবু বিস্রস্ত কাঁদায়
গাঙুরের জলে তবু সম্মিলিত প্রতিবিম্ব পোড়ে।
হরিণীরা বেকারার কখনোবা বেকাবু ঝাঁপায়
ঠান্ডা-ঝোরা জলে
চাঁদ-স্বেদ স্নেহাশীস হয়
জ্বলন্ত চাঁদের নিচে জ্যোৎস্না গলে গলে
হরিণীরা শ্রেণীবদ্ধ হয়-ধরে রাখে নিজস্ব আঙ্গুল
হৃদয় মথিত হয়-জানে তারা এও এক অবিমৃষ্য ভুল।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



