আপনার হাসি, কী যে, কী...যে বলি!
মানে, কিন্নরা,
এই হাসি, আমি খুব ভালোবাসি,
এবং আপনাকেও..
প্রস্তাবেন মধ্যরাতে উদ্বেলিত ভবদীয় প্রেমিক প্রবর।
আমি আরো হাসি, কারণ আমার হাসি আসে।
ওই ভোরের বাতাসে,
যে মৌনিনী তরুণী, হেঁটেছিল
হেঁটে হেঁটেছিল শুধু, আর যায়নি কোথাও
তারে আর গেল না তো পাওয়া
যেন সে ছিল না।
থাকলেও আমার সাথে তার ভাবসাব নাই।
প্রেমিক বলেন,
'তুমি কেন কেবল কথাই...বলে যাচ্ছ না!
তোমার কথায় আমি ভাসি-
জগতের চাপরাশি, চাপে থাকি রাশি রাশি,
শুধু আপনার হাসি,
আহা জলতরঙ্গ! আমাকে তরল করে,
প্রবাহিত।
আর হাসবেন না প্লিজ! থামেন থামেন,
না না, অনেক হাসেন।'
আমি হাসি, আমি কথা বলে যাই।
যদি ভুলে যাই, খাটো বনসাই,
আমার ঘরের কোণে মৃতু্যশয্যায় দন্ডায়মান।
কারণ শিকড়ে মাটি নাই,
আর,
যে আমারে কোনোদিন কাছে ডাকে নাই।
----------
লুনা রুশদী - 05/03/2004
কবিতা সঞ্চালন - কিস্তি 3
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৬ রাত ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


