এই পোস্টটি যদি কেউ পড়েন, নিশ্চই আমার সাথে একমত হবেন যে, অবিলম্বে মাননীয় ডিজিটাল বাণিজ্যমন্ত্রীর সুচিকিৎসা হওয়া দরকার। আমি উনাকে একদিন কাঁঠালবাগান কাঁচা বাজারে আমন্ত্রণ জানাতে চাই।
বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, দু'একটি পণ্য ছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য গত বছরের চেয়ে কম। একই সঙ্গে আসন্ন রমজানেও দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলে তিনি ভোক্তাদের আশ্বস্ত করেছেন।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দি রিপোর্টার্স অনুষ্ঠানে একথা জানান বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে কতিপয় অসৎ ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যা খুব দুঃখজনক। কোন ব্যবসায়ী অযাচিতভাবে দাম বাড়ালে সেক্ষেত্রে সৎ ব্যবসায়ীর স্বার্থে সরকার তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জন্য ৫ থেকে ১০ শতাংশ লাভ ধরে শিগগিরই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি, পাইকারি ও খুচরা মূল্য তালিকা প্রকাশ করে জনগণকে জানানো হবে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ও পর্যালোচনার মাধ্যমে অল্প কয়েকদিনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এ মূল্য মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, এটা ঠিক, কোন কোন বাজারে এখনও মূল্যতালিকা প্রকাশ করা হয়নি, এ ব্যাপারে সব বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং পণ্যের মূল্য সঠিকভাবে লিপিবদ্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করার প্রতি গুরুত্বারোপ করে বলেন, কোন কোন বাজারে এখনও সঠিকভাবে মূল্য তালিকা টাঙানো হয়নি।
আমদানি থেকে খুচরা পর্যায়ে মূল্য নির্ধারণের বিষয়ে কোন নীতিমালার প্রয়োজন রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, নীতিমালার প্রয়োজন নেই। আমদানিকারকের সঙ্গে বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাজারে আলুর দাম বাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলুর উৎপাদন খরচ ১৩ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকা। আমরা বলেছিলাম ২৫ টাকার উপরে গেলে আলু আমদানি করব। কিন্তু এখন আলু আমদানি করলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়া রমজানে ভোজ্যতেল বা চিনির দাম বাড়বে না বলে জানান মন্ত্রী।
টিসিবি এখন পর্যন্ত অকার্যকর কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, টিসিবিকে আমরা এখনও কার্যকর করতে পারিনি এটা ঠিক। তবে টিসিবির জন্য ভোক্তা কোন দুর্ভোগ পোহাবে না বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, টিসিবি পহেলা রমজান থেকে স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করবে। এই বিক্রয় কার্যক্রম প্রথমে ঢাকায়, পরবর্তীতে ডিলারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারের এ পরিকল্পনার আওতায় আপাতত ভোজ্যতেল, চিনি, ছোলা ও পিঁয়াজ বিক্রয় করা হবে। চিনি ও খেজুরের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করায় আগামী এক সপ্তাহের মধ্যে চিনি ও খেজুরের দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।
খবরটি আজকের দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

