১
‘জাহিদ, এই জাহিদ, উঠ বাবা। ১২ টা বাজে। জাহিদ...এই জাহিদ...’ প্রতিদিন সকালেই এই নাটক শুরু হয়। ৯ টা বাজতেই মা এসে দরজা ধাক্কা-ধাক্কি করা শুরু করে দেন। আমি ১২ টা বেজে গেছে ভেবে ধড়মড় করে উঠে দেখি বাজে মাত্র ৯ টা। একবার উঠে গেলে কি আর ঘুম আসে? বাধ্য হয়ে নিচে নেমে পেপার খুলে বসতে হয়। ‘কই বারটা বাজে মা? বাজে তো মাত্র ৯ টা। ঘুমাতে দাওতো। ঝামেলা করোনা।’ রেহনুমার মনটা খারাপ হয়ে গেল। উনি নিচে নেমে আসলেন। আজ জাহিদের বাবার জন্মদিন। জাহিদের বাবা আজিজ সাহেব শহরের নামকরা শিল্পপতি। বছরের অর্ধেক সময়ই দেশের বাইরে কাটান। তাদের ৩০ বছরের সংসারে খুব বেশি হলে ৫ টা জন্মদিন তিনি দেশে কাটিয়েছেন। আজ এরকম দুর্লভ একটা দিন। অথচ বাবা-ছেলে দুইজনই এখনো দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। রেহনুমা আগে থেকেই গিফট কিনে রেখেছে। তিনি ভেবেছিলেন ছেলেকে নিয়ে আজিজ সাহেবকে আজ চমকে দিবেন।
ঘুম একবার ভেঙ্গে গেলে সেটা আর আসতে চায়না। বিছানা ছেড়ে আয়নার সামনে দারিয়ে জাহিদ নিজের চেহারা দেখে। চোখের নিচে কালি। ঘুম কম হলে চোখের নিচে কালি পরে। ঘুম বেশি হলেও কি পরে? এটা মারাত্মক রহস্য। হাত-মুখ না ধুয়েই জাহিদ ল্যাপটপের সামনে বসে গেল। নেটে বসে এখনি চোখের কালি নিয়ে পড়াশুনা করতে হবে।
জাহিদ এবছর ঢাকা ইউনিভার্সিটি থেকে ফলিত পদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছে। রেকর্ড পরিমান নাম্বার পেয়ে মোটামুটি হইচই অবস্থা। পেপারে ছবিও এসেছে। জীবনে দ্বিতীয় হওয়ার স্বাদ নেই। রাত জেগে পড়াশুনা আর বেলা করে ঘুম থেকে উঠেই দিন চলে যাচ্ছে।
রেহনুমা আবার জাহিদের ঘরে যায়। যেয়ে দেখে ঘরের দরজা খোলা। উনি চুপিচুপি ঘরে ধুকে পরেন। তার মাথায় মারাত্তক বুদ্ধি এসেছে। জাহিদ কে পিছন থেকে জড়িয়ে ধরে ‘হাউ’ করে একটা চিৎকার দিলে কি হবে? জাহিদ নিশ্চই ভয় পেয়ে ওর ল্যাপটপের উপর আছড়ে পরবে! ল্যাপটপ ভেঙ্গে যাবে এবং যথেষ্ট ভালো হবে। অন্তত নতুন আরেকটা কেনার আগ পর্যন্ত একসাথে দুইজন মিলে টিভিতে সিরিয়াল দেখা যাবে। জাহিদ নিশ্চই হিন্দি সিরিয়াল গুলো দেখবেনা। দরকার হলে ছেলের সাথে বসে ডিসকভারি চ্যানেলে হাতি-ঘোড়া-বানর দেখবে।
জাহিদ আড়চোখে মাকে দেখে ফেলে। মা অন্যমনস্ক। এখনি সুযোগ, জাহিদ ‘হাউ’ বলে একটা গগনবিদারি চিৎকার দেয়। রেহনুমা এতটাই অন্যমনস্ক ছিলেন যে লাফ দিয়ে সরে যেতে যেয়ে পায়ের সাথে কি জানি বেধে দেওয়ালের সাইডে তাক করে রাখা বই গুলোর উপর পরে যান। সমস্ত বই তার উপর পরল। পুরো ঘরে কেয়ামত। হইচই চিৎকার-চেচামেচি শুনে আজিজ সাহেব উপরে চলে আসেন। ঘরের মদ্ধে এই অবস্থা দেখে মুখ গম্ভীর করে ফেলেন। সবার মুখ থমথমে। হটাত জাহিদ হাসতে শুরু করে। রেহনুমাও হাসা শুরু করে। হাসি সংক্রামক। আজিজ সাহেবও কিছু না বুঝে হাসতে থাকেন। বিশাল বাড়িটার প্রতিটা কোণাও এই সুখি পরিবারটার হাসির ঝংকারে আলোড়িত হতে থাকে।
২
আজ লিমা ইউনিভার্সিটি যায়নি। তার বিয়ের কথা চলছে। ছেলের ছবি দেখে মনে হয়েছে কোন রুপকথার রাজপুত্র হটাত ভুল করে একটা স্টুডিও তে ঢুকে কয়েকটা পাসপোর্ট সাইজ এর ছবি তুলে ফেলেছে। ছেলে বলে মারাত্মক মেধাবি। ছেলের বাবা বিশাল বড়োলোক। এরকম ছেলে দুনিয়ায় এতো মেয়ে থাকতে তাকে বিয়ে করবে কেন? নিশ্চই কোন সমস্যা আছে। ছেলের হয় চরিত্র খারাপ, নাহয় আগে আরও দু-চারবার বিয়ে করেছে। অথবা দেখা যাবে পুরোটাই ফাকি। ছেলে থাকে মেসে। টিউশনি করে খায় আর মেস ভাড়া দেয়। বিয়ে কোন মতে করে ফেললে তো আর এই ছেলেকে ফেলে দেওয়া যাবেনা। বাধ্য হয়ে ঘর জামাই করে রাখতে হবে।
‘মা, এক কাপ চা দাওতো।’ ‘চিনি নেই। বাইরে থেকে কিনে খা।’ ‘মেয়ে মানুষ বাইরে থেকে কিভাবে কিনে খাব? বাবা চাইলে তো শুধু চা না, সঙ্গে চিরা-মুরি, পোলাও-কর্মাও দিয়ে দাও।’ লিমার মেজাজ হটাত গরম হয়ে যায়। ওদিকে ছেলে পক্ষ বিয়ের কার্ড পাঠিয়েছে। কার্ড ডিজাইন করেছে পাত্র নিজে। কার্ডের প্রথম পেজে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে ছাদে দাড়িয়ে আছে। ছাদে রঙ-বেরঙের কাপড় শুকাতে দেওয়া। মেয়েটার খোলা চুল আকাশে উড়ছে। ছেলেটা এক হাত দিয়ে মেয়েটার হাত ধরে আছে, আরেক হাত দিয়ে নিচে রাস্তার দিকে একটা কিছু দেখাচ্ছে। রাস্তায় একটা ছোট্ট ছেলে সাইকেল এ করে যাচ্ছে। কার্ডের নিচে লেখা, ‘মাঝে মাঝে প্রানে তোমার পরশ খানি দিও।’ পিচ্চি ছেলেটা কে? এদের সন্তান? বিয়ের আগেই এই লোক সন্তানের ছবি কার্ডে দিয়ে দিয়েছে? এটাতো মহা চালবাজ লোক। এর উদ্দেশ্য তো বিয়ে করানা। সন্তান জন্ম দিয়ে সাইকেল চালান শেখানো। ওর বান্ধবি গুলো আবার অন্য কথা বলেছে। ওরা তো কার্ড দেখে চোখ কপালে তুলে ফেলেছে। এতো সুন্দর কার্ড বলে এরা আগে দেখেনি। যতসব নেকামি!
‘মা, বাবা কই?’ ‘তোর বাবা ঘরে। উনি চিন্তা করছেন। মহাকাশ অতিত-ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আমার হয়েছে যত জ্বালা।’ এটা বলে মা তার অসুখি জীবনের কথা ঝারতে-ঝারতে রান্নাঘরের দিকে গেলেন। আমি গেলাম বাবার ঘরে। ঘরের দরজা-জানালা সব বন্ধ। লাইট নেভানো। ঘরে গুমোট একটা ভাব। ঘর এমন না হলে বাবা কিছু চিন্তা করতে পারেননা। এমন ঘরে আমাকে চিন্তা করতে দিলে আমিতো কবর ছাড়া আর কিছু ভাবতে পারতামনা।
‘বাবা আসতে পারি।’ ‘প্রয়োজন নাই। যা বলার বাইরে থেকেই বল।’ ‘আমি ছেলেটার সাথে দেখা করতে চাই।’ ‘বিয়ের আগে আবার কোন ছেলের সাথে দেখা? ঘর থেকে পালানোর পরিকল্পনা করছিস নাকি?’ ‘তুমি ভালো করেই জান সেটা হলে আমি তোমার কাছে অনুমতি চাইতে আসতামনা। আমার সাথে যার বিয়ে, তার সাথে দেখা করতে চাই।’ ‘তার চেয়ে বরং তুই তোর কোন সাবেক প্রেমিক-টেমিকের সাথে দেখা করে আয়। তুই যেয়ে উলটা-পাল্টা কিনাকি বলবি, পরে এমন সোনার পাত্রটাই হাতছাড়া হয়ে যাবে।’ ‘ছেলেটা আসলেই সোনার নাকি খাদ ওয়ালা দেখতে হবেনা?’ ‘আমি সোনা চিনি।’ ‘ফুলস গোল্ড বলেও বাজারে সোনার মত দেখতে একটা মেটাল পাওয়া যায়। ফুলস রাই সোনা মনে করে এটা কিনে।’ ‘ঠিক আছে। তুই যখন এত চালাক, যা দেখা করে আয়। আবারো বললাম, আমি সোনা চিনি।’
৩
রেহনুমা আর আজিজ সাহেব তাদের দোতালার ঝুল বারান্দাটায় বসে চা খাচ্ছেন। ‘তুমি আরিকটু ভেবে দেখনা! মানুষজন কি বলবে? দুনিয়ায় কি আর ভালো মেয়ে ছিলনা যে এই হতদরিদ্র মেয়েটাকেই তোমার একমাত্র ছেলের বউ করতে হবে?’ আজিজ সাহেব চায়ের কাপটা নামিয়ে রাখলেন। ‘দেখ, আমাদের কি টাকার কোন অভাব আছে? এরকম সংসারি লক্ষি একটা মেয়েই তো কবে থেকে খুজে আসছি। এই মেয়েই পারবে জাহিদকে ঝাটিয়ে মানুষ করতে। নাহলে সারাজীবন গুগল আর উইকিপেডিয়ার চিপাতেই পরে থাকবে গাধাটা। বসে খেলে তো রাজার ধন ও একদিন শেষ হয়ে যায়।’ রেহনুমা রীতিমত আকুতি জানিয়ে বলল, ‘জাহিদের তো নিজের একটা পছন্দ থাকতে পারে।’ ‘ওর আবার কিসের পছন্দ? আমি বুঝিনা, ওর মত চেহারা আর রেজাল্ট থাকলে মেয়েরা আমার পিছনে কুত্তার মত ঘুরত। আর জাহিদ? গাধার গাধা একটা।’ ‘নাই তো দুইটার একটাও তাহলে চেচাও কেন? আমার পিছনে এখনো কত ছেলে ঘুরে জান?’ রেহ্নুমার কণ্ঠ কান্না-কান্না হয়ে যায়। পাশের রুম থেকে জাহিদ সবই শুনে। শুনে আর হাসে। আজ মেয়েটার সাথে ওর দেখা করার কথা। কি পরে যাবে বুঝতে পারছেনা। ঘরের সব জামাকাপড়ই কুঁচকানো। ভালো বিপদই হল দেখা যায়! নিচে নেমে দেখে মা সোফায় পা তুলে বাচ্চা খুকির মত বসে আছে। মার ওকে দেখেই হেসে ফেলে। ‘এতো সাজগোজের হেতু কি? হবু বউ এর সাথে ডেটিং? আমাকে নিয়ে যাবি?’ জাহিদ লজ্জা পেয়ে যায়। মা যে কি বলে! ‘এই শার্ট কোথায় পেলি? এতো সস্তা শার্ট তো তোকে কখনো কিনে দেই নাই।’ ‘মজনু দিয়েছে মা। ওর কাছ থেকে ধার নিয়েছি।’ ‘শেষমেশ কাজের ছেলে থেকে ধার নেওয়া লাগলো?’ জাহিদ কিছু বলতে যেয়ে বাধা পেল। ওর শার্ট এর পকেটে মা কিছু টাকা গুঁজে দিয়েছেন। ‘আমার কাছে টাকা আছে মা।’ ‘থাকুক, বউমাকে অবশ্যই এই টাকা দিয়ে খাওয়াবি।’ যাওয়ার সময় কি মনে করে মার পা ধরে সালাম করে ফেলল জাহিদ। রেহনুমা হেসে ফেললেন।
৪
দূর থেকে লিমা দেখল কটকটে লাল সস্তা ধরনের একটা শার্ট পরে অনেক রূপবান একটা ছেলে হেটে আসছে। ছেলেটা চশমা পরে নাকি? ছবিতে তো চশমা ছিলনা। ছেলেটাকে দেখে এখন আর ওই রকম চালবাজ ও মনে হচ্ছেনা। বরং ভালই লাগছে। এর সাথেই কি ওর বাকি জীবন কাটাতে হবে? ‘আপনি লিমা?’ ‘হম। আপনি জাহিদ? আপনি অবশ্যই জাহিদ। আপনার গায়ের এই শার্ট এর দাম কত?’ জাহিদ থতমত খেয়ে গেল। এর দামতো ও নিজেই জানেনা। ‘শার্ট টা আমি কিনিনি। একজন থেকে ধার নিয়েছি।’ ‘কে উনি? আপনার বন্ধু?’ ‘না। মানে, বন্ধুর মতই। আমাদের বাসায় কাজ করে।’ লিমা মনে মনে কষ্ট পেলো। বেচারার একটা ভালো শার্ট ও নেই। ধ্যাত! ওকে এই শার্ট এর কথাই জিজ্ঞেশ করাই উচিত হয়নি। আবার পরমুহূর্তে মনে হল ঠিকি আছে। দরকার কি ছিল অজথা বানিয়ে বানিয়ে কোটিপতি বাবার কথা বলার? সে যেটা ভেবেছিল সেটাই। ছেলে দরিদ্র। তবে আর সব ঠিক আছে। ছেলেকে দেখলেই বুঝা যায় এই ছেলে রাতে জ্ঞানের বোঝায় ঘুমুতে পারেনা। লিমা মনে মনে খুশি হয়ে গেল। জাহিদ বলল ‘চলুন কোথাও খাই।’ ‘চলুন। কোথায় খাবেন?’ ‘ভালো কোন রেস্টুরেন্ট এ যাওয়া যেতে পারে।’ লিমা মুচকি হাসল। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার! দেখা যাবে এই ছেলেই মাসের শেষ দিন গুলোতে এক বেলা উপোষ করে থাকে। ‘ভালো কোনটাতে যাওয়া লাগবেনা। আমার পরিচিত একটা দোকান আছে। চলুন যাই।’ লিমা জাহিদ কে নিয়ে নিউমার্কেটের দিকে গেল।’
ওরা একটা ফুচকার দোকানে ঢুকে ফুচকা খাচ্ছে। জাহিদকে দেখে মনে হচ্ছে এমন অমৃত জীবনেও খায়নি। লিমার খুব ভালো লাগছে দেখে। ও মনে মনে ঠিক করে ফেলেছে যত যাই হোক, এই ছেলেকেই সে বিয়ে করবে। ও রাস্তার ফকির হলেও করবে। খাওয়া শেষে জাহিদ বিল দিতে গেল। দেখল ছেলেটা শার্ট এর পকেট থেকে টাকা বের করে আগে গুনল। এরপর এখান থেকে কিছু টাকা দিয়ে বিল দিল। দেখেই লিমার মনটা খারাপ হয়ে গেল। হয়তো আজকেই টিউশনির বেতন পেয়েছিল ছেলেটা। একটা মানিব্যাগ কেনারও টাকা নেই। আহারে! লিমা ঠিক করলো, আজ ছেলেটাকে নিয়ে নিউমার্কেট ঘুরে ওকে কিছু শার্ট আর একটা মানিব্যাগ কিনে দিবে। জাহিদ ফিরে এসে হাসিমুখে বলল, ‘মা টাকাটা দিয়েছিল তোমাকে খাওয়ানোর জন্য। দেখতো, কত গুলি টাকা বেচে গেল!’ লিমা চোখের পানি আটকে রাখতে পারলনা।
৫
‘কিরে? মেয়ে পছন্দ হয়েছে? হাতে কি? বিয়ের বাজারও করে ফেলেছিস নাকি?’ জাহিদ লজ্জা পেয়ে গেল। ‘না মা। কয়েকটা শার্ট এখানে। লিমা দিয়েছে।’ ‘বাহ। এখনি এত দূর? দেখিত শার্ট গুলো? মেয়ের তো রুচি ভালই। কতো করেরে এগুলো? তোর বাবাকে দিব।’ ‘একেকটা ২০০ করে।’ রেহনুমার চোখ কপালে উঠে গেল। ‘কোত্থেকে কিনেছিস?’ ‘নিউ মার্কেটের ফুটপাথ থেকে মা।’ রেহনুমা কে কাল বিকেলেই ওখানে নিয়ে যেতে হবে শর্তে জাহিদ উপরে চলে গেল।
এদিকে লিমা বাসায় যেয়ে হুলুস্থুল কাণ্ড করে ফেলেছে। ছেলের দিন আনে দিন খায় অবস্থা বলার পরি লিমার মা বেকে বসেছে, এই ছেলের সাথে বিয়ে? মরে গেলেও না। অথচ লিমা বিয়েতে এক পায়ে খাড়া। শেষমেশ লিমার জোরাজুরিতেই বিয়ের দিন-তারিখ ঠিক হয়ে গেল। ধুমধাম করে বিয়েটা হয়ে গেল।
বাসর রাতে...
‘বিয়েতে অনেক খরচ হয়েছে না?’
‘তাতো হবেই। কেন? তোমার আয়োজন পছন্দ হয়নি?’ ‘পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে। আমি স্বপ্নেও ভাবিনি এতটা ধুমধাম করে আমার বিয়ে হবে। আচ্ছা, এই বাড়িটা কার?’ ‘কার মানে? আমাদের ছাড়া আর কার হবে? বোকা!’ ‘যাহ! এতো বড় বাড়ি আবার কারো হয়নাকি? নিশ্চই ভাড়া নিয়েছ এক দিনের জন্য। তাইনা?’ ‘পাগল নাকি তুমি? এটা আমাদের বাড়ি। ঐযে দেখ দেওয়ালে আমার ছবি। কাল থেকে তোমার-আমার একসাথে একটা গ্রুপ ফটো লাগানো থাকবে।’ ‘তোমার বাবা আসলেই কোটিপতি?’ ‘হাহাহা। সবাই তো বলে। কেন? তুমি জানতেনা?’ ‘না মানে......... আমার মাথাটা ঘুরছে।’ ‘চল, বারান্দায় যাই।’
বারান্দায় লিমা জাহিদের কোলে মাথা রেখে শুয়ে আছে। বাইরে তখন ভরা জোছনা। জাহিদ লিমার হাতটা শক্ত করে ধরে আস্তে আস্তে আদুরে গলায় বলল,
‘হাতটি আমার ধরো, ও বন্ধু ও প্রিয়, মাঝে মাঝে প্রানে তোমার’ পরশখানি দিও।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



