আগেই বলে রাখছি, এটা কোন রিভিউ নয়। শুধুমাত্র আমার নিজের অনুভূতির বর্ণনা। কেউ বই রিভিউ ভেবে পড়ে বিরক্ত হলে আমার কোন দোষ নাই।

কাহিনি সংক্ষেপ
দীর্ঘ চার বৎসর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভূত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে । যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক ।
এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ ।
মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা । কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধের ।
সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টা ।
সে জীবনবোধে আপনাকে স্বাগতম !
পাঠপ্রতিক্রিয়া
সাধারণত তিনশ সাড়ে তিনশ পৃষ্ঠার বই পড়তে আমার একদিনের বেশি সময় লাগে না। এই বইটা শেষ করতে দেড় দিন সময় লাগালাম। এবং সেটা ইচ্ছে করেই।
গত কয়েক বছরে বাংলাদেশে থ্রিলার সাহিত্যে বিপ্লব ঘটে গেছে। এবং সেটা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উঠে যাচ্ছে দিন দিন। সেসব বইয়ের সাথে বিচারে মিনিমালিস্ট কে অনেকটা এগিয়ে রাখব আমি। অন্য থ্রিলার গুলির মত বইয়ের শেষে মাথা ঘুরিয়ে দেওয়ার মত টুইস্ট এতে নেই। কিন্তু চ্যাপ্টারে চ্যাপ্টারে চমকে দেওয়া টুইস্ট ছিল প্রায় পুরো বই জুড়েই।
মিনিমালিস্ট এমন একটা বই, যেটা আগা গোড়া ইতিহাস আর তথ্য দিয়ে পরিপূর্ণ হলেও পড়তে একবিন্দু বিরক্তি লাগে না।
তবে অবশ্যই বইটা সময় নিয়ে পড়া উচিৎ। এবং খুব মনোযোগ দিয়ে। কারণ তা না এমন সব ব্যাপার মিস হয়ে যেতে পারে যার কারণে কাহিনিতে তালগোল পাঁকিয়ে ফেলার সমূহ সম্ভাবনা আছে।
লেখক বইয়ে ইউনিক কিছু আইডিয়া নিয়ে কাজ করেছেন। একেক সময় একেক চরিত্রকে উত্তম পুরুষে রেখেছেন। এতে প্রত্যেকটা চরিত্রের মনোভাব বোঝা গেছে খুব ভালভাবে। নাম পুরুষে মাঝেমাঝে চরিত্রের মনে কী চলছে সেটা ভালোভাবে ব্যাখ্যা করা যায় না। তাই এটার দরকারও ছিল কাহিনীর প্রয়োজনে। মনোযোগ দিয়ে না পড়লে কিন্তু পাঠক বুঝতে পারবে কখন কে কথা বলছে।
অনেক অনেক চমকপ্রদ তথ্য জানতে পেরেছি বইটা পড়ে।
একটা ব্যাপার বুঝতে পেরে বেশ ভালো লেগেছে। অবশ্য আমার ধারণা সঠিক কিনা জানি না। রাং দে বাসান্তি সিনেমায় সাদাকালো একটা সীন ছিল, ব্রিটিশ কর্ণেলের কমান্ডে সাধারণ মানুষের উপর গুলি করা হচ্ছে। আর কিছু মেয়ে একটা কুয়ায় ঝাঁপিয়ে পড়ছে। এই সীনটার অর্থ বুঝিনি তখন। মিনিমালিস্ট বইয়ে এই টাইপের যে ঘটনার বর্ণনা আছে, সিনেমায় যদি ওই ঘটনাটাই দেখানো হয়ে থাকে তবে অনেকদিনের জমা প্রশ্নের উত্তর মিলল।
বই পরিচিতিঃ
বইঃ মিনিমালিস্ট
লেখকঃ মাশুদুল হক
প্রচ্ছদঃ মাশুদুল হক
মূল্যঃ ৩০০ টাকা (মলাট মুল্য)
পৃষ্ঠাঃ ৩১৬
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
প্রকাশকালঃ বইমেলা-১৬
রেটিংঃ ৪.৭৫/৫
বিঃদ্রঃ পরীক্ষার মাঝে বই পড়ার জন্য জান বেরিয়ে যাচ্ছিল। পরীক্ষা শেষ হয়েছিল মার্চের নয় তারিখ। মে'র নয় তারিখ পর্যন্ত টানা পড়ে গিয়েছিলাম। এই দুইমাসে ষাটটির বেশি বই পড়ে শেষ করেছি। রিভিউ লিখতে পারি না আমি, বইটা পড়ে ঠিক যে অনুভূতি হয় সেটাই লিখি। পাঠপ্রতিক্রিয়া বলা যেতে পারে ওটাকে।
প্রায় প্রতিদিনই একটা করে বই পড়ে ওটার পাঠপ্রতিক্রিয়া লিখতাম। তারই কিছু কিছু শেয়ার করব ভাবছি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



