আমি জানি আকাশ অনেক দূরে, কিন্তু জানি না কত দূরে, কতটা পথ পাড়ি দিলে আকাশ ছোঁয়া যাবে। আমি জানি সাগর অনেক গভীর, কিন্তু জানি না কত দম হলে আমি পৌঁছতে পারবো সাগরতলে। এই জানা অজানার মাঝে আমার বসবাস। একই জিনিসের কিছু জানি কিছু জানি না। আমি এভাবে অভ্যস্ত হয়ে গেছি। আমরা খুব সহজেই কোনো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়ি। আবার খুব সহজেই কোনো অভ্যাস ত্যাগ করতে পারি।
আমি খুব আজবকিসিমের একটা প্রাণী। আমি হাঁটি, হেঁটে চলি। চলতে চলতে দিক ভুলে যাই। ক্লান্ত হয়ে কোথাও বসে পড়ি। চারপাশটা দেখি; এখানের আকাশ খুব স্বচ্ছল, নীল আকাশ, গুচ্ছ-গুচ্ছ মেঘ। মেঘদের কোনো গন্তব্য নেই। ওরা ছুটে অজানার উদ্দেশে। মেঘরা স্বাধীন। সারাদিন উড়ে বেড়ায়। কিন্তু আমি স্বাধীন নই। আমি পরাধীনতার শিকলে বাঁধা এক যুবক। যে ইচ্ছে হলেই সবকিছু করতে পারে না। তার আছে পরিবার, আছে সমাজ, আছে ধর্ম। কেউ বুঝে না, বুঝতে চায় না তার মনের বাসনা। নাহ, আমি একাই পরাধীন নই, মেঘরাও পরাধীন! বাতাস ওদেরকে ধাক্কা দিয়ে বিক্ষিপ্ত করে দেয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থকে পশ্চিমে নিয়ে যায়। এই পৃথিবীতে কেও স্বাধীন নয়। সবার পা বাঁধা। এই স্বাধীন না হওয়ার মাঝে এক ধরণের আনন্দ আছে। আছে ব্যাকুলতা।
বসে বসে কী যা-তা ভাবছি। বিশ্রাম অনেক হয়েছে এবার আবার হাঁটা শুরু করা দরকার। ওই-যে দূরে দেখা যাচ্ছে নীল আকাশের সাথে মাটি ছোঁয়োছুঁয়ি খেলছে; আজ আমি ওখানে যাবো। আমি হাঁটছি। আকাশও হাঁটছে। আমি এগুচ্ছি। আকাশ পিছিয়ে যাচ্ছে। জানি না, কবে সেই দূর আকাশের স্নিগ্ধ ছোঁয়া আমায় বিমোহিত করবে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো। আমার মনে হয়, যদি লেগে থাকি একদিন আমি সফল হবোই।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ সকাল ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



