১.
চিঠিটা চিত্রা হরিনের মুখ হয়ে ছুটে গেল অরন্যে। সেই থেকে মেয়েটির কঠিন অসুখ!
ছেলেটি বুঝুক তার সাধ, স্বপ্নের কালো কালো বীজ। ভালবাসা বুনে দিয়ে যাক ধোঁয়া রং কফির মগে। অসুখে মেয়েটির ক্যানো য্যানো ঘুম থেকে উঠে আজ খুব ভাল লাগে।
কুয়াশা পিঠ ঘষে জানালার কাছে। দিনে তার চিত্রল মুখ মনে পড়ে, সে মুখ চুরি গেছে জলরতীমন
কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম! মেয়েটির চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম!
২.
ভুতুম পাখি এসো আনন্দিত আনারসঝোপে! তুমি কষ্ট ভালবাসো। কাঁটা ভালবাসে যে পাখির ঠোঁট, তাকে রূপবতী ব্যাথা দিয়া যায় অনন্তকাল । আনন্দ ব্যাথার আপন!
বারবার চলে গিয়ে শ্যামপোকা ভুলে যায়। কি করে প্রতিজ্ঞা করে মানুষের মন!
সব সত্য ভাবতে ইচ্ছে করে! পাখিটাকে টের পাই স্বঘোষিত উদ্যানে! আমার কেমন তীব্র ক্ষুধার মত রাগ হয়। প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। ভুলে গেছে প্রতিজ্ঞা! যদি সে ভুলে যায় বিচ্ছেদ অনুমানে!
এসব জেদের বশে ঘাস থেকে ঘাসে ছুটে গেল সবুজ ফড়িং! আমার মন ক্যামন করে!
৩.
দিনরাত কি বিস্ময় নিয়ে ঘুরছি ব্যাগের ভেতর! নিঃশ্বাসে এক নদী নিয়ে দুলে যাচ্ছি। ঝুলে যাচ্ছি পাবলিক বাসে। রাস্তার চা দোকানে বসে আছি সেদিন। টুপ করে চায়ের ভেতর অপেক্ষা ঝরে গেলো। দোকানী হেসে বললেন, দ্যান চায়ের কাপটা বদলায়া দি!
৪.
আমড়া গাছের শুকনো হলুদ পাতা
উড়তেছে আর শীতের মাটি ধরতেছে তার বুকের মাঝে
বিবর্ন সুখ মরা ঘাসে! ধুলো পথে রোদের আলো পাখির ছায়া
দু চারটে কাক পাখায় পাখায়
কিছু মানুষ দু চোখ ভরে কালো মায়া।
মাটির কলসি বুড়ো চাচা খেজুর রসে কাঁচের গেলাস,
ব্যস্ত পথে নতুন বছর নতুন শীতে নতুন কেলাস।
গতর নাড়ায় ঘুমের শেষে খসখসিয়ে হুলো বেড়াল।
ভিজে ভিজে গাছের পাতা
এখন এমন শীতের সকাল!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



