কাছাকাছি খুব কাছাকাছি আজ হৃদয় পোড়ার গন্ধ পাই। হাওয়ার সাথে আচল ধরে হৃদয় পোড়া উড়ে উড়ে গ্যালো।
এই মেঘ মন্থনে কার হৃদয় পোড়ার গন্ধ । গ্রন্থের ভেতরে ডুবে গেল অবসাদে। এখানে গ্রন্থ প্রচ্ছদেরা রাজকুমারীর মত চুল বিছিয়ে রেখেছিলো কোনদিন। নাগরিক কামারের আগুনে পা ডুবিয়ে রাখা মেঘ। এখানে কার বৃষ্টি এসে বসেছিলো চুপ করে! আগুনে মেঘ; তাই বৃষ্টি নামেনি কোনদিন।
ম্রিয়মান আলোয় ডুবে গেল ডালিয়া বাগান! বাগানে রোজ আত্মহননে ব্যস্ত থাকে ফুলেরা। কোমল ফুলেরা! ধোঁয়ায় ধোঁয়ায় এক ছককাটা সোয়েটার বুনে যায় প্রতিদিন দুটো হাত। নরম উলেরা তার সাথে খেলে। আমার মা বিদ্যা মেপে মেপে এগোয়।
আজ আমার মন খারাপ ছিল। আজ আমি বাবার সাথে কথা বলিনি। আমার মায়ের সাথে কথা বলিনি। চালকের প্যাডেলে শীতের বাতাস হু হু করে হৃদয়ের ভেতর ঢুকে গ্যাছে। কি জানি কিসে তার লোভ! রঙীন উলের ভেতর জড়াজড়ি করে আমার মায়ের মমতা। চিকন সুতোয় বোনা কাল। ফিনফিনে সুতো। আমাকে মা বলেছিলো এ্যাত বড় হয়েছিস তুই?
কি হয় বড় হলে? বড় হলে কি হয়! এত অপেক্ষার পর। হৃদয় পুড়ে যায়। হাওয়া আর বাগানের পাখি ঠোঁটে করে বয়ে নেয় বুনো কলি ফুল!
বড় হলে এইসব হয়। সম্পর্ক সমাপ্তি!
এখন অন্তত মেঘ বনে ঝড় হোক।বৃষ্টি বাদল! হৃদয় পুড়ে গ্যাছে যাক। আমার মায়ের কষ্ট হবে।
তবে হোক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



