১.
সোনার ঘোড়া
আমি একটু বেশি চাই অন্যদের থাইকা আমার চাওয়া একটু বেশিই।
জীবন্ত মানুষটা তাই সোনার ঘোড়া হইয়া গ্যাছে।
ঘাস লতাদের আমি একলা একাই চিবাইতে থাকি। সোনার ঘোড়া আমার ;
জীবন্ত মানুষটারে আর কত কাল ধইরা রাখি!
২.
ছন্দ ছন্দ ও ছায়াময় আজকে হল বৃষ্টি
খড়কুটোতে আগুন ছিলো
এখন জমলো জল
অরন্যকে যেমন দেখে লতার গোপন দৃষ্টি
তেমন করে আমার বুকে ঝড় হলো চঞ্চল!
৩.
একটা মানুষ মানে
বিকেলের বৃষ্টি শেষে আর রোদ খেলে গেলোনা। খেলে গেলোনা কৃষ্ণার হাতের দোপাটি। বুকের কাছে ঝুঁকে এসে কোমল মায়াটি
বসন্ত আর বাড়ন্ত এক ফুলের কথা বলে গেলোনা।পথে যা কুড়িয়ে পাই তুলে নিই। নিঃশ্বাসে যাতনায় সেই পুরনো ঘটনা। কেন তার সবখানে রটে গেলোনা -
একটা মানুষ মানে শূন্য দুটি চোখ।
পোড় খাওয়া অন্ধ মেয়েটি আলোক।
৪.
বসে আছি বসেই আছি কখন থেকে। ঘুমন্ত মুখ মনে করে সান্তনায়। উষ্ণতা চলো ফিরে যাই ফিরে যাই !
৫.
গতরাতে স্বপ্ন দেখলাম একটা চোখ ছোট হতে হতে শূন্য হয়ে গেল।
দৃষ্টিসীমার বাইরে থেকে দেখলাম আমার দুরন্ত প্রেমিক আজ আলোর বন্ধু।
আলোকে বলেছি আমার বন্ধুকে এভাবে গ্রাস করোনা আমার কষ্ট হয়।
৬.
মেঘ অদিতি তোমার জন্য গোপন চিঠি :
মেঘ অদিতি তোমার জন্য গোপন চিঠি বইছি ভেজা খামের ভেতর দুঃখভরা নীল ছোঁয়াছে অসুখী চোখ ঘামের ভেতর। মেঘ অদিতি আগের মত তোমার হাতে চিঠির বকুল ছুঁইয়ে দিতে কলম ধরি নষ্ট পেশা নামের ভেতর। মেঘ অদিতি কেমন ছিলে কতটা দিন কষ্টে একা আমার জন্য পত্র লেখা কবে থেকে ছেড়ে দিলে বেনামী সেই চিঠির কথা ভুলেই গেছো। সমুদ্র আর হলুদ খামে গোলাপ রঙা প্রেম। মেঘ অদিতি তোমার জন্য কলম ধরি শব্দে শব্দে কত কি ঋণ গোপন দেনা মিটিয়ে দি গোপন লেনদেন!
৭.
মাটিতে গোপন ঋতুরক্তের দাগ আমাদের বুকে গোপন জ্বালা
আমাদের হাতে মিশ্র অনুরাগ আমরা বিকেল হলেই নামি বিবাদ অনুবাদে-
মাটি সেদিনই উতলা।
৮.
একটা দুপুর মাথার ভেতর বৃষ্টি নিয়ে ঘুরি!
জেনে রাখো এসব অসহ্য দুপুর প্রেমিক কে দেখায় খোলা জানালা। ঘন বৃষ্টির ছাঁট আর চোখ থেকে মুছে গেল সুনীল কাজল।
কবি তোমার বৃষ্টি নিয়ে বলা
বৃষ্টিবালার কোমল জোরাজুরি!
জেনে রাখো এসব অসহ্য হাওয়া প্রেমিকের হাতে দেখতে চায়
বৃষ্টি বাহাদুরি।
একটা দুপুর মাথার ভেতর বৃষ্টি নিয়ে ঘুরি!
৯.
পথ হারিয়ে যায়
বাস্তবিকই আমাকে হারাওনা তুমি। আমার শুধু পথ হারিয়ে যায়!
এক প্রখর রোদের দুপুর কেমন ঘুড়ির মত কাটে। হারিয়ে গিয়ে পথের দশা করুনতর হয় ।পুরান প্রেমিক বুকের ভেতর অট্টহাসি হাসে।
আমার হারিয়ে যাওয়া পথ ঘুরে ফিরে সজল হাওয়া বৃত্তে অসহায়!
১০.
চলে যাবার পর
তুমি আসলে তুমি অন্য কেউ নও
কেন শুধু এসেই বলো যাই?
এদিকে তাকাও দেখি সপ্তরেখার হাত
তাকাও দেখি অন্য কোন খানে। বাদুড় ঝোলা নীল বরফের রাতে
অথবা ঠিক বৃষ্টি হল খুব
হাসছে তখন ময়ূর পাখি ঢং
অঙ্ক কষা তারার রাতে তাকাচ্ছোনা তাই-
তুমি তুমি তুমি কোথাও তুমি নাই!
১১.
ভিজছো নাকি তুমুল বৃষ্টি হল
লিকার চায়ের দারুন গন্ধ রং
কাপে কাপে ফুরিয়ে শুধু গেল
ভিজছো নাকি ভেজা রঙের মন
চায়ের সঙ্গী দারুন এলোমেলো!
১২.
বলি ততটাই যতটুকু বলা যায়
বলি যতটুকু সবুজেরা জানে পাতাদের চেয়ে আর একটু বেশি নিরামিষভোজী যতটুকু পায় ততটুকু তার ঢেকে রাখি পায়ে। পায়ের পাতায় সময়ের দাগ। লুকানো সময় ছুপানো সময়। কুপিয়ে কুপিয়ে যতখানি রাগ!
বলি ততটায় এর বেশি আর শোনেনি মানুষ সবুজেরা জানে।কষ্টের কথা ঢেকে রাখি চোখে ঢেকে রাখি কিছু অন্যখানে।
১৩.
আমরা কবিতায় থাকি। আমাদের হাতে উঠে যাক কবিতার জল
আমাদের চিরঋণ কবিতার কাছে
মাছ পাখি ফুলগুলো থাক সম্বল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





