ভেবেছিলাম একটা কবিতা লিখব
তোমাকে নিয়ে
তুমি নিজ হাতে রাঙিয়ে দেবে
তার প্রতিটা চরণ
আমি শুধু লিখে যাব ছন্দের পর ছন্দ।
তোমাকে নিয়ে
সেটা হবে আমার স্বপ্নচারণ।।
সেই কবিতার নায়িকা হবে তুমি
বর্ণের পর বর্ণ সাজিয়ে
তোমার দীঘল কালো চুল আঁকব
তোমার কালো বাদামী চোখ আঁকব
আর আঁকব তোমার হাসি;
যে হাসিতে বৃষ্টি থেমে যাবে
মেঘেরা পথ ভুলে থমকে দাড়াবে
চাতক পাখি হন্যে হয়ে খুঁজবে তোমায়।
ভেবেছিলাম তোমায় নিয়ে একটি গান লিখব
অনুভবের কথা দিয়ে
কল্পনার সুরে
যে সুরে স্থির হয়ে দাড়িয়ে পড়বে
আকাশের সূর্য
অন্ধকারে মাথা ঠুকে
আত্মহত্যা করবে আকাশের চাঁদ
একেরপর এক ঝরে পড়বে
অসহায় তাঁরাগুলি।।
একটা গল্পই না হয় লিখতাম তোমায় নিয়ে
পৃষ্ঠার পর পৃষ্ঠা রোমাঞ্চ জাগিয়ে
দুজনে পাড়ি দিতাম
বইয়ের শেষ অবধি।।
বৃষ্টিরা থামেনি,
মেঘ থমকে দাড়ায়নি আর;
সূর্য চাঁদ দিব্যি আছে।।
তবু কল্পনার সুরে,অনুভূতির কথায়
তোমার রঙে রাঙানো
রোমাঞ্চকর স্বপ্নগুলো
একেকটা নিউরন মাতিয়ে তুলেছে
প্রতিনিয়ত।।
এখনও ইচ্ছে আছে
একটি শেষ বিকেলের গল্প লেখার
সন্ধ্যার আগে আগে
হাত ধরে বসে থাকার।।
তুমিও বসে আছ,আমিও আছি
আরেকটি সন্ধ্যা নামার অপেক্ষায়।।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


