রিমান্ডে নেয়ায় কতিপয় নেতার ঘৃণ্য উল্লাস ধর্মানুরাগী মহিলারা বিস্ময়ে বিমূঢ়
পিরোজপুরের জিয়ানগরের পুলিশের এস আই ও ৫৪ ধারার তদন্তকারী কর্মকর্তা অমর সিংহ, একজন মহিলা এস আই, একজন মহিলা কারারক্ষী ও একজন মহিলা পুলিশের তত্ত্বাবধানে নিরীহ নিরপরাধ তিন মহিলাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার বিকাল ৩টায় পিরোজপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে ঢাকায় নিয়ে যায়। জয়েন্ট ইন্ট্রোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ যে কি করতে পারে পিরোজপুরের জনগণ তা হাড়ে হাড়ে উপলব্ধি করছে। বাংলাদেশ যে একেবারে ডিজিটাল যুগে প্রবেশ করেছে তা আর বর্ণনার অপেক্ষা রাখে না। পুলিশের এই বোরকা বিরোধী অভিযান/আক্রোশ স্থানীয় বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুলিশ সবসময় বাতাস বুঝে পাল খাটায়। বর্তমান সরকারের বোরকা বিরোধী মানসিকতা টের পেয়েই বোরকার মধ্যে জেএমবির অস্তিত্ব খুঁজতে শুরু করেছে। গত ৩ জুলাই হতে বোরকা পরার অপরাধে ৩ মহিলা ১৪ দিন চৌদ্দ শিকের ভিতরে দুঃসহ কাল কাটাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের পিরোজপুরের কতিপয় নেতাকর্মীকে রিমান্ডে ঢাকা নেয়ার সংবাদে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। মুলত জামায়াতকে পিরোজপুর থেকে নির্মূল করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষমতাসীন দলের বিবেকবান অনেক নেতাই মতলববাজদের ন্যক্কারজনক আচরণের নিন্দা করেছেন। আওয়ামী লীগের পিরোজপুরের এক নেত্রী ডা. শিরিন আক্তার আলাপকালে বলেন, আমি আওয়ামী লীগ করি কিন্তু তিনজন নিরীহ উচ্চ শিক্ষিত মহিলাকে এভাবে জেএমবি বলে রিমান্ডে নেয়ার আমি তীব্র নিন্দা করি। কারণ আমি তানিয়া আক্তার ও সৈয়দ ফৌজিয়া আক্তার ও তাদের পিতামাতাকে চিনি। মেয়ে দুটি অত্যন্ত পর্দানশীন ও ধর্মভীরু। যে সমস্ত বখাটে এবং অন্যান্যরা জড়িত তাদের আমি ধিক্কার জানাই। তানিয়া আক্তারের পিতা মো. গোলাম মোস্তফা একজন সম্মানিত শিক্ষক ছিলেন এবং বর্তমান জিয়ানগর জামায়াতে ইসলামীর আমীর। নির্বাচনে হার-জিত থাকবেই। জামায়াত নেতার মেয়ে বলে তাকে জেএমবি সন্দেহে গ্রেফতার করতে হবে এই সভ্য সমাজে এটা ভাবতেও অবাক লাগে।
রিমান্ডে নেয়া তিন পর্দানশীন মহিলার পরিবার গতকাল ছিল অজানা আশংকায় শংকিত। পত্রিকায় বখাটেদের নাম ছাপা হওয়ায় তারা জেসমিন আক্তারের পিতাকে হুমকি দিচ্ছে এবং বলেছে, জিডি বা থানার দিকে পা-বাড়ালে ঠ্যাং ভেঙ্গে দেয়া হবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জেসমিন আক্তার জেএমবির দায় থেকে অব্যাহতি পেলেও চরবলেশ্বর গ্রামে তাদের ইজ্জত নিয়ে বসবাস করা দুস্কর হয়ে পড়বে। কারণ চরবলেশ্বরের প্রত্যন্ত অঞ্চলে যেতে হলে বালিপাড়ার এসব বখাটে ক্ষমতাসীনদের বাড়ির সম্মুখ দিয়েই যেতে হবে। নির্দোষ তিন মহিলাকে রিমান্ডে নেয়ায় পিরোজপুরে বোরকা পরিহিতারা ভাষা হারিয়ে ফেলেছেন। একান্ত ধর্মানুরাগী ৩ মহিলাকে এভাবে জেএমবি বানিয়ে অসম্মান করায় তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


