আহসান কিছুক্ষণ বসে অপেক্ষা করতেই মমতার ডাক পড়ল,
-ভাই, আহেন খাওনাটা সাইরা লন।
বলতে বলতেই মমতা ড্রইং কাম ডাইনিং রুমে একটি পাটি বিছিয়ে দিল।
শিউলি এতক্ষণ পর কথা বলা শুরু করল
-যান খাবার খেয়ে নেন, মনে হচেছ বেশ ক্ষুধার্ত।
-চল, তুমিও খাবে আমার সাথে।
-না, নিজের চিন্তা করেন।
আহসানের পেটে বেশ ক্ষুধা, চিন্তা করল এখানে বসে থাকলে হবে না, মলির মত কেউ নেই যে, আদর করে খাইয়ে দেবে, চিবাতে ইচ্ছা না করলে চিবিয়ে দেবে। ক্ষুধার জ্বালা মেটাতে হলে, নিজেকেই আগাতে হবে। তাই আর না ভেবে সোজা পাটিতে গিয়ে বসে পড়ল।
মমতা আহসানকে খাবার দিতে দিতে শিউলিকে ডাকল-
-কিরে খাওন লাগবো না, হের লগেই কয়ডা খায়া লইলে হয় না?
আহসান খেতে শুরু করলে, মমতা জিজ্ঞাসা করল-
-ভাই আপনার নামডা কি, আহসান? আনোয়ার ভাই আপনার নাম আমারে মেলা কইছে।
-আনোয়ার কি তোমাদের এখানে আসে নাকি?
-আরে ভাই, কয় কি? মিষ্টির গন্ধ পাইলে পিপড়ায় কি দূরে থাহে?
আহসানের মনে নতুন একটি চিন্তা প্রবেশ করল। আনোয়ার কি আমার আগেই এ জগতে প্রবেশ করেছে? না, আমার বিশ্বাস হয় না, আনোয়ারের মত ছেলে এমন কাজ করতেই পারে না। আনোয়ারই তো বলেছিল সে নাকি ম্যাস ছেড়ে দিবে? শুধুমাত্র পাশের ফ্ল্যাটে খারাপ মেয়েদের বাড়ীওয়ালা ভাড়া দিছে বলে।
আহসানকে চিন্তিত দেখে-মমতা বলল-
-কিরে ভাই, চিন্তায় পইরা গেলেনে, আপনার ওমন হাদাহিদা মদন্যা মার্কা বন্ধু’হান আমার লগে কেমনে আইল, আপনার কথাই না আবার কেমনে কইল? খায়া লন সব বলুমনে। চিন্তা কইরা খাইয়েন না চিন্তা চিন্তা কইরা খাওয়ন খাইলে গায়ে লাগবো না।
আহসানের কাছে সবকিছুর রং কেমন ফ্যাকাসে হয়ে যাচ্ছে, সে কোন রঙ্গকেই আর রঙিন দেখছে না। তার বুকের মধ্যে শুধু আনোয়ারের নাম প্রতিধ্বনিত হচেছ। মলির সাথে তার বিয়ের ব্যাপারে শুধুমাত্র আনোয়ারই জানে, না জানি কোন আদিম উৎসবে মেতে বন্ধুর নামের সাথে কর্মকান্ডও বলে রেখেছে।এদের দ্বারা সবি সম্ভব, আমাকে শুধু জেনেছে আমি আনোয়ারের বন্ধু তাতেই আমার জন্য খাশির মাংস ভাত ডাল তৈরি করে সামনে হাজির করেছে, আমি চোর না ডাকাত তা জানতেও চেষ্টা করেনি, একবার নামটিও জিজ্ঞাসা করেনি। না কি এরা ক্ষুধার জ্বালায় ভিন্ন জগতে প্রবেশ করেছে বলে অন্যের ক্ষুধার মর্ম বোঝে তাই নাম জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে নাই।
মমতা আহসানের সাথে বেশি কথা বলেনি কিন্তু যে রহস্যাবৃত কথা বলেছে তা শুনে আহসান খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে নাকি কলাপাতা সেদ্ধ করে রুটি খাচ্ছে তা বুঝতে পারছেনা।
এম আলম তারেক
১৭-০৭-২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




