সে অনেক অনেক কাল আগের কথা।
তখন লেখাপড়া করার জন্য স্কুলে যাই, লেখাপড়া টা সেভাবে করা হয়ে ওঠেনা। প্রতি বছর এস.এস.সি এর রেজাল্ট পেপারে আসার পর মুরুব্বীরা তাঁদের জীবনের গল্প ফেঁদে বসতেন।
তাঁরা অনেক কষ্ট করেছেন জীবনে, তাই আজ প্রতিষ্ঠিত। ছোটবেলায় অনেক দূরের পথের স্কুল যেতেন আসতেন। যেতে আসতেই প্রায় ঘন্টাখানেকের উপরে লেগে যেত। বৃষ্টির দিন হলে বৃষ্টি মাথায় নিয়েই যাওয়া আসা। পথে পানি জমে থাকত, সেই পানি পার হয়ে এরপর যাওয়া আসা। বলতে বলতে কারো কারো চোখের কোণে অশ্রু চিক চিক করে উঠত! যেকোন গল্পেই শেষটা হতো “তোমরা তো এসবের কিছুই করনা, করতে হয়না”।
উফফফ, গত দশটা বছর অফিসে যেতে আসতে জ্যামে ঘন্টার পর ঘন্টা। বৃষ্টির দিনে ভিজে চুপচুপা হয়ে অফিস যাওয়া বা বাসায় ফেরা। কখনো কখনো রাস্তায় পানি জমে থাকায় পানি পার হয়ে আসা, যেমন আজ।
মুরুব্বীদের স্কুলের গল্পের কথা মনে পড়ল। সে সময়ে জন্মালে এই ১০ বছরে ঘন্টা ধরে যাওয়ার আর পানি পার হওয়ার স্কুল জীবন টা শেষ হয়ে যেত এতদিনে! সেটাই ভালো ছিল। এখন তো চক্রে পড়ে গেলাম মনে হচ্ছে, মুক্তি নেই।
ও “মুরুব্বী” রা, আপনারা কে কোথায়…?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




