আমার মেয়েকে "বড় হয়ে তুমি কি পড়বা" জিজ্ঞেস করলে একটাই উত্তর দেয়...
"আমি বড় হয়ে সুন্দর একটা লেহেঙ্গা পরব"!
"এই মেয়ে নিয়ে আমি কই যাইব" ভাবনার এখনো হাতে সময় আছে, কিন্ত যাদের আর নেই?
এক স্বপ্নচারিনী ছিল, যার সুরে স্বপ্ন দোলা দিত, তার পরশে গ্রীষ্মের তপ্ত বায়ুও হয়ে যেত মাঘের শেষের বা ফাগুনের শুরুর মিষ্টি বাতাস। সেই ভালোবাসাও একদিন হয়ে গেল পদ্ম পাতার জল। আমার কোন দুঃখ নেই।
এক ছিল কাঙ্ক্ষিত মানবী, যার পরশে প্রায় প্রতি সন্ধ্যায় নিজেকে মনে হতো কাশবনের মাঠে দাঁড়ানো কেউ, যার মাথার ওপরে আকাশ ভরা তারা। তারা হারিয়ে গেছে। আমার কোন দুঃখ নেই।
মানুষ দূর থেকে যা মনে করে ভালো, কাছে গিয়ে দেখে হয়তো সেরা'টাই তার জন্য না। প্রতিবারই এলোমেলো মনে স্বান্তনা খুঁজতে যেয়ে কখনো চোরাবালিতে ডুবে যাওয়া, আর নাহয় ঘন জঙ্গলের প্যাঁচানো লতায় জড়িয়ে আটকে যাওয়া। মনের বিরুদ্ধে পথ চলতে গিয়ে ছলনায় মুখে হাসি, শরীর আজ কষ্ট বেচে খায়। আমার কোন কষ্ট নেই।
So many times, it happened so fast, I traded my passion for glory!
সেই ছোট থেকে "বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবো" থেকে কলেজে বায়োলজি বাদ দিয়ে "আমি আসলে ইঞ্জিনিয়ার হবো" থেকে বিশ্ববিদ্যালয়ে সব বাদ দিয়ে "বিবিএ পড়লেই ভালো চাকরী" এর ভীড়ে "আমি আসলে বড় হয়ে গান-বাজনা করব" চাওয়া-পাওয়ার হিসেব টা কবেই যেন শূন্যে মিলিয়ে গেছে। সময়টাও মনে হয় চলে গেছে।
এবার আমার দুঃখ হচ্ছে। আমার আশে পাশের আরো কারো কি এমনি দুঃখ হচ্ছে? নাকি আমি একাই অফিসের কাজ ফেলে বাইরে এসে বিকেল থেকে সন্ধ্যা হওয়া দেখি?
বৃহস্পতিবার এর বাজে আবেগটা আবার মায়া নিয়ে ফিরে আসছে। অনেক বছর তো "মাথা"'র কথা শুনলাম, এবার একটু মন শুনে দেখি...
শুভ সপ্তাহান্ত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



