ভীষণ একলা কোন বিকেল ছিল,
শান্ত নদীর ধারে সবুজ ঘাস-
সেই ঘাসে তার নীল শাড়ির আঁচল
হয়েছিল আরেকটা অন্য আকাশ।
নদীর জল ছুঁয়েছিল তার নুপুরপরা পা।
সে এক অন্যরকম বিকেল ছিল!
একাকী নীলকন্ঠ পাখিটি দূর পথ পেরিয়ে
রাস্তা ভুলে বসেছিল বাবলার ডালে।
একলা মেয়েটি আর সেই পথভোলা নীলকন্ঠ পাখিটি-
দু'জনের চোখেই ছিল শূণ্য চাউনি।
তবে কি দু'জনেই ঠিকানা হারিয়েছিল?
নাকি হারিয়ে ফেলেছিল প্রিয় কোন সঙ্গী?
পাখিটি আর মেয়েটি কি বন্ধু হয়েছিল?
অন্যরকম সেই গল্পটি আর জানা হয়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



