রাতের শিফটে কাজ করার অনেক অভিজ্ঞতা হলো। যদিও আমি আগেও সারারাত ধরে কাজ করেছি অনেক।
রাত দিপ্রহর; কত রকম মানুষের সাথে যে মুখোমুখি হয়। একবার মনে আছে এক সুন্দরী এলো, তাকে সেবা দিয়ে বিদায় বেলা বলেছিলাম 'তোমাকে ধন্যবাদ, বোন'।
সে জিজ্ঞাসা করলো 'তুমি আমাকে বোন বলে ডাকলে কেন? তুমি জানো আমি একজন পতিতা? পুরুষের ভোগের সামগ্রী। নাকি আমি তোমার কাছে যথেষ্ট আকর্ষনীয় নই? নাকি তুমি ভুল করে আমাকে বোন ডাকলে?'
'তুমি নিঃসন্দেহে অনেক সুন্দরী এবং আকর্ষনীয়, কিন্তু তোমাকে বোন ভুল করে বলিনি। চিয়ার্স '।
হাতের সোনার বাজুকাটি খুলে দিয়ে বলেছিল 'সেই পুরুষটির জন্যে যে আমার মাঝে একটা বোন দেখতে পেলো '।
ভেবেছিলাম মাদকের প্রভাব কেটে যাবে ফেরত চাইবে পরে। পরে আবার এসেছিল, বলেছিল 'এর চেয়ে দামী কিছু ছিলনা তোমাকে দেবার'। অনেক জোড় করেও ফেরত দিতে পারলাম না। ব্যতিক্রম ও হয়েছে এর। একজন একটা ঘড়ি দিয়েছিল, পরে বলেছিল ফেরত দাও। যাই হোক সে নিয়ে কথা বলব কেন? যা কিছু সুন্দর, তাই জীবনের পুজি। যা কিছু অসুন্দর, সে আমার নয়।
যা বলতে ধরেছিলাম; মাঝে মাঝে ক্রেতা থাকে না। বাইরে গিয়ে দাড়াই, পূর্নিমার চাঁদ থাকে আকাশে। ঈশ্বর আমাকে মোহিত করার চেষ্টা করে। আমি জানি; আমিও চাঁদের মতই আরেকটা গোলাকারে ভাসছি, মহাশুন্যে। বেঁচে থাকার এক নির্বোধ সফটওয়্যার ইনস্টল করে দেয়া হয়েছে আমার মস্তিষ্কে। কিন্তু তিনি বাঁচতে দেবেন না বেশিদিন। মহাশুন্যে ভাসিয়ে নিয়ে যাবেন কোথাও। মহাশূন্য, যার শেষ নেই। ভাবতেই শরীর গুলিয়ে যায়।
যদি তাই হয় যে, 'ক্ষমতা আসে দায়িত্ব নিয়ে', তাহলে তো ঈশ্বর, সব দায়িত্ব আপনারই। ওই আসমানী কিতাব আর পরস্পরবিরোধী দর্শন পৃথিবীতে পাঠিয়ে কি আনন্দ আপনার হে মুনিব?
তবুও, যেহেতু তোমার হাতেই সব ক্ষমতা, মানে শক্তি, তাই বলছি, মানে প্রার্থনা করছি আর কি ...
যে ভুল তোমারে ভুলে,
হীরা ফেলে কাঁচ তুলে,
ভিখারি সেজেছি আমি,
আমার সে সে ভুল প্রভু তুমি ভেঙ্গে দাও
.......................................
last thing i remember, i was running for the door,
had find the passage back to the place i was before ...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



