অনেক কিছু মিথ্যা হলেও এটা সত্য যে, মানুষ সৃষ্টির সেরা জীব। এটা মানুষ হিসেবে মানুষের পক্ষে সাফাই নয়। এই মানুষ একা চলতে পারে না, জীবনের পথে তার চলার সঙ্গি প্রয়োজন। সৃষ্টির শুরু থেকেই মানুষ সামাজিকভাবে জীবন যাপন শুরু করেছিল। মানব সমাজের সবার মত কখনই এক হয় নি, হবে না। সবাই যার যার মতটাকে যৌক্তিক মনে করেই সেটাকে অনুসরণ করে। তবে, সবার মত যে সঠিক তাও কিন্তু নয়। হ্যাঁ, কারও চিন্তা সঠিক, কারোরটা আবার ভুল। এ জন্য তো মানুষ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে একা সুস্থ জীবন যাপন করতে পারে না। তাই মানুষ মানুষের জন্য। পৃথিবীর সেরা সেরা লোকেরাই বলেছেন এ কথা।
কবি বলেছেন-
“মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই
এই সূর্য করে এই পুষ্পিত কাননে
জীবনত্ম হৃদয় মাঝে যদি স্থান পাই”
শিল্পী তাঁর কণ্ঠে শুনিয়েছেন মানুষের জন্য গান-
“মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না…ও বন্ধু”
পুরনো অথচ চির নতুন কথাটা আবার আমাদের সামনে ঝলঝল করে কবির কলমের স্রোত ধরে-
“আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী ‘পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে"
সকল ধর্মেই আছে মানবতার জয়গান। শুধু ইসলামে মানবতার কল্যাণের জন্য যে নীতি আলোচিত হয়েছে তাই যদি বলি, তাহলে বলতে হয়-
ইসলামের মানবতার শিক্ষা হলো সংঘাতের অবসান ঘটিয়ে সমঝোতা প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতার বদলে সহমর্মিতা, যুদ্ধের দামামা না বাজিয়ে শান্তি স্থাপন, পরনিন্দাকে দূরে ঠেলে আত্মসমালোচনা, কুৎসাকে বাদ দিয়ে আত্মশুদ্ধির পথ ধরা, অহঙ্কারের স্থলে বিনম্রতা, শত্রুতার জায়গায় বন্ধুত্ব-ভ্রাতৃত্ব, জবরদস্তি না করে ন্যায়পরায়নতার পথ অবলম্বন, অমঙ্গল কামনা না করে সমবেদনা জ্ঞাপন, ক্ষতিসাধন নয় কল্যাণ কামনা এবং হিংস্রতা ও পশুত্বের কবর রচনা করে সদাচরণ করা।
কিন্তু আজ দিকে দিকে মানবতার বেহালাবস্থা দেখে নিজেকে বড় অসহায় মনে হয়। আমরা মানুষ, সে হিসেবে আমাদের কি করা উচিৎ তা নিয়ে অল্প সময়ের জন্য হলেও ভাবা প্রয়োজন, যেখানে থাকবেনা জাতভেদ বা মতভেদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




