
(১)
বিষণ্ণ শীত রাতে
একডালি জ্যোৎস্না সাজিয়ে
মুখ ভার ক’রে জেগে আছে একফালি চাঁদ।।
পাড়ায় পাড়ায় ঘুরে দেখো
জ্যোৎস্না-পিপাসু কতিপয় স্বপ্নভুক কাঙাল-কাঙালিনী
ভাঁড় হাতে জেগে আছে যেনো-
জ্যোৎস্নার মদির-রসে মজিয়াছে মন...
(২)
ঘুরে দেখো পাড়ায় পাড়ায়
হাড়-কাঁপানো শীত রাতে যখন-
ক্ষেপিয়াছে পূর্ণিমার গলা-জ্যোৎস্না কুয়াশার সাথে
যখন মজিয়াছে কতিপয় জ্যোৎস্নার মদির-রসে আলস্যে
হাড়-বেরুনো কিছু সত্যিকার কাঙাল
ভাঁড় আর রশি-কাস্তে হাতে বসে আছে খেজুর গাছের
তলে;
জ্যোৎস্নাকে কাঁচকলা দেখিয়ে ল্যাংটো-কাছা-মেরে
শীত রাতে তারা ওঠে খেজুরের কন্টকময় গাছে।
তারাও স্বপ্ন দ্যাখে-
ভাঁড়খানি ভ’রে গেলে কাল তবে
উনুনে ফুটিবে শুধুই এক হাঁড়ি ভাত ...
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



