এক.
সামহোয়্যারইন ব্লগে নিক রেজিস্ট্রেশন করতে গিয়ে কিছুটা বিপাকেই পড়লাম। আমার পছন্দের নিকগুলো অনেক আগেই মানুষ-জন নিজের করে নিয়েছে। কিছুটা বিরক্ত এবং বিষন্ন হলাম। আমার সর্বশেষ প্রিয় নিকটি দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করলাম; এবং দেখলাম, হয়েও গেল। নিক নিলাম 'মায়া হরিণ'।
কেন এই 'মায়া হরিণ' নামটি নিলাম? নাহ্, খুব বেশি ক্রিটিক্যালি চিন্তা করার এখানে কিছু নেই। পছন্দ হয়েছে, তাই নিয়েছি। যদিও বাস্তবে মায়া হরিণ আমি কখনও দেখিনি, তার সৌন্দর্য্যও উপভোগ করার সৌভাগ্য আমার হয়নি।
দুই.
আজ বাংলা নববর্ষ। ১৪১৮ কে পেছনে ফেলে ১৪১৯ তার যাত্রা শুরু করলো। বাংলাদেশীদের জন্যে বছরের এই বিশেষ দিনটি তাৎপর্যপূর্ণ। এই দিনটিতে সবাই উৎসবে মেতে ওঠে, আনন্দ করে; বাঙালীত্ব যেন ফুটে ওঠে তাদের রং-বেরঙের জামা, মেলা আর গানের মাঝে। বাংলা নববর্ষের এই প্রথমদিনটিতেই বাঙালী জাতীর বাঙালীত্ব প্রকাশের শুরু এবং শেষ। কারণ বাংলা ক্যালেণ্ডারের প্রথম দিনটি পার হলেই আর কারও বাংলা বছর নিয়ে তেমন একটা মাথা ব্যাথা থাকেনা। কেবলমাত্র দৈনিক পত্র-পত্রিকা আর গুটিকতক প্রকাশনার মাঝেই বাংলা তারিখগুলো শৃঙ্খলাবদ্ধ থাকে। ইংরেজি সাল আর তারিখের নিচে চাপা পড়ে বাংলা সাল এবং তারিখগুলো নিরবে, নিভৃতে কাঁদে। তারপরেও বাঙালী জাতিকে আমি ধন্যবাদ জানাই, অন্তত: বছরের প্রথম এই একটি দিনকে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বরণ করে নেয়ার জন্যে।
শুভ নববর্ষ ১৪১৯।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




